ভায়েকানোর বার্সা-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন খেলেন তো অন্যজনকে ছিটকে দেয় চোট। মেসি-নেইমারকে একসঙ্গে মাঠে দেখার কথাই যে ভুলতে বসেছিলেন বার্সা সমর্থকেরা। পরশু সেই আক্ষেপ ঘুচিয়ে অনেক দিন পর কয়েক মিনিটের জন্য চেনা দৃশ্য। মেসির গোলের পর নেইমার চলে এলেন তাঁকে অভিনন্দন জানাতে  এএফপি
একজন খেলেন তো অন্যজনকে ছিটকে দেয় চোট। মেসি-নেইমারকে একসঙ্গে মাঠে দেখার কথাই যে ভুলতে বসেছিলেন বার্সা সমর্থকেরা। পরশু সেই আক্ষেপ ঘুচিয়ে অনেক দিন পর কয়েক মিনিটের জন্য চেনা দৃশ্য। মেসির গোলের পর নেইমার চলে এলেন তাঁকে অভিনন্দন জানাতে এএফপি

বড় লাফটা একটু পেছন থেকে দিলে ভালো হয়। আগের কয়েক ম্যাচে বার্সেলোনাকে ঠিক ‘বার্সেলোনা’ বলে চেনা যাচ্ছিল না। টিকি-টাকার সুমধুর অর্কেস্ট্রার সুরটা কি তাহলে কেটে যাচ্ছিল? বার্সেলোনা দেখাল সব আগের মতোই আছে, শুধু লাফটা দেওয়ার জন্য একটু থমকে দাঁড়াতে হয়েছিল। রায়ো ভায়েকানোর ভাগ্য খারাপ যে সব নখর বের করে বার্সা এসে পড়ল তাদের ওপরেই!
পরশু বার্সেলোনা যে ভায়েকানোকে ৬-০ গোলে উড়িয়ে দিল সেটির আসল মাহাত্ম্য অন্য জায়গায়। আগামীকাল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি বলেই নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার ছিল। মহারণের আগে প্রস্তুতিটা এর চেয়ে ভালো প্রস্তুতি আর কি নিতে পারত বার্সা? জেরার্ডো মার্টিনো তাই বললেন, ‘চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচের আগে সম্ভবত এর চেয়ে ভালো মুহূর্ত আমরা চাইতে পারতাম না। প্রতিপক্ষ যা-ই হোক না কেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের সবাইকে ভালোভাবে ফিরে পাওয়া।’
চোটের কারণে বেশ কয়েক ম্যাচ ধরেই দলের সেরাদের একসঙ্গে পাচ্ছিলেন না মার্টিনো। নেইমার আছেন তো মেসি নেই, মেসি থাকলে নেইমার নেই। চোট ইনিয়েস্তাকেও কিছুদিন ছিটকে দিয়েছিল। পরশু মেসি, ইনিয়েস্তারা খেলেছেন শুরু থেকেই। তবে মার্টিনোকে বেশি স্বস্তি দেবে নেইমারের ‘ফেরা’।
গত জানুয়ারি থেকেই নেইমার অ্যাঙ্কেলের চোটে মাঠের বাইরে ছিলেন। পরশু পেদ্রোর বদলে ৬২ মিনিটে নামেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পায়ে মরচে তো ধরেইনি, উল্টো দেখিয়ে দিলেন আরও বেশি তেতে আছেন। ৮৯ মিনিটে ২৫ গজ দূর থেকে গোলার মতো শটে যে গোল করলেন, সেটি অবশ্যই ছয় গোলের সেরা।
ম্যাচটা অবশ্য অনেক আগেই পকেটে পুরে ফেলেছিল বার্সা। আদ্রিয়ানোর গোল দিয়ে শুরু, এরপর মেসির গোল ‘ট্রেডমার্ক’ চিপে। মাঝে অ্যালেক্সিস সানচেজ ও পেদ্রোর পর আবারও মেসি। শেষে নেইমারের ওই গোল।
রিয়ালের জয়
এদিকে কাল নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলেই গেটাফের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। হেসে, করিম বেনজেমা ও লুকা মডরিচ করেছেন গোল তিনটি। এই জয়ে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট হলো রিয়ালের। বার্সেলোনা ও অ্যাটলেটিকোর পয়েন্টও ৬০। তবে গোল ব্যবধানে শীর্ষে বার্সা, দুইয়ে রিয়াল। এএফপি।