ভিকারুননিসার ফুটবল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢোলে বাড়ি পড়ছে আর স্লোগান উঠছে ‘ভিএনএস’, ‘ভিএনএস’। ‘ভিএনএস’ মানে ভিকারুননিসা নূন স্কুল। একজন-দুজন নয়, স্কুলের গোটা পঞ্চাশেক ছাত্রী এই স্লোগান দিয়ে যাচ্ছিল ক্লান্তিহীনভাবে। একজন আবার উঁচিয়ে ধরেছে ‘ভিএনএস’ লেখা প্ল্যাকার্ড।এমনটাই হওয়ার কথা। সিটিসেল ঢাকা মহানগর মেয়েদের স্কুল ফুটবলের তৃতীয় আসরে অপরাজিত চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুল। রানার্সআপ আগারগাঁও আদর্শ হাই স্কুল। ৪০ মিনিটের ফাইনালের ২৭ মিনিটে ভিকারুননিসার অষ্টম শ্রেণীর ছাত্রী আফরিন তাবাসসুম (নিনি) করল ম্যাচের একমাত্র গোল। গোলরক্ষকের দু-তিন হাত সামনে থেকে বলটা সে দারুণ দক্ষতায় জড়িয়ে দিয়েছে জালে।মেয়েদের খেলাধুলায় অগ্রণী ভূমিকায় থাকা ভিকারুননিসা হ্যান্ডবলে সফল অনেক দিন ধরেই। স্কুল ক্রিকেট, ভলিবলেও তারা ভালো দল। ফুটবলে বড় দল হয়েও এত দিন এই শিরোপা জিততে না পারার আক্ষেপ ছিল (প্রথম টুর্নামেন্টে সেমিফাইনালে বিদায়, গতবার রানার্সআপ)। সেটি কাল ঘুচল। ছাত্রীদের সঙ্গে তাই উৎসবে মেতে উঠলেন স্কুলের শিক্ষক, কোচ, অভিভাবকেরাও।মাঠে যারা ‘কষ্ট’ করে খেলল, তাদের উচ্ছ্বাস ছাড়িয়ে গেল সবকিছু। মাঠের মাঝখান থেকে একেকজন দিল আনন্দ-দৌড়। চলছিল কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় আর হাইফাইভ...। তবে এটি পরিবেশটাকে যতই আনন্দময় করে দিক, ফাইনালে হেরে যাওয়া আগারগাঁও স্কুলের মেয়েদের তা মোটেও ভালো লাগেনি। এদের অনেকের চোখে ছিল পানি। দলটির কোচ বললেন, ‘বাচ্চা মেয়ে তো। এদের আবেগ বেশি। তা ছাড়া ওরা কষ্ট করেছে অনেক।’মেয়েদের কাছে ফুটবল খেলা কষ্টকর এক ব্যাপারই। গোল করা ছিল সবচেয়ে কঠিন কাজ। টুর্নামেন্টের ৩৯ ম্যাচের ২০টিই ছিল ড্র। এর মধ্যে ব্যতিক্রম গতবারের চ্যাম্পিয়ন স্যার জন উইলসন স্কুলের মাইশা, যাকে দেখতে বিদেশিনী মনে হয়। টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল (৫) তার। তবে এই পুরস্কার পেয়েও খুশি নয় মাইশা, ‘আমাদের স্কুল তো চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই বেশি আনন্দ লাগছে না।’ তা না লাগুক, ভবিষ্যতে ফুটবল খেলবে তো? বলল, ‘ব্যবসা করব। ফুটবল খেলি মনের আনন্দে।’একমাত্র গোল করে ফাইনালের সেরা খেলোয়াড় তাবাসসুম ভবিষ্যতে ফুটবলই খেলতে চায়। বাংলাদেশের ফুটবলের খোঁজখবরও রাখে সে। প্রমাণও দিয়েছে, ‘এসএ গেমসের ফাইনাল ম্যাচ দেখেছি মাঠে এসে। আমিনুল, এমিলি, এনামুল...ওনাদের নাম জানি।’ফুটবল নিয়ে আগ্রহ আছে স্কুল-মেয়েদের অনেকেরই। প্রশ্ন হচ্ছে, ধরে রাখা যাবে তো? ভিকারুননিসার কোচ রজব আলী বলছেন, ধরে রাখা অনেক কঠিন, ‘এদের অনেককে মাঠে আনতে কষ্ট হয়েছে আমার। কারও কোচিং, কারও এ-টা, কারও ও-টা। হাজারো সমস্যা। অভিভাবকেরা দিতে চান না।’আগ্রহী মেয়েদের ধরে রাখতে ৫ জন খেলোয়াড়কে বৃত্তি দেওয়ার ঘোষণা এল মঞ্চ থেকে। অনেকে অবশ্য এটাকে আমলে নিতে চাইলেন না। ‘এসব তো কতই শোনা যায়’, বললেন এক অভিভাবক। এটাকে ভুল প্রমাণ করার দায় এখন আয়োজক বাফুফের।