ভিক্টোরিয়া খেলবে তবে...
প্রথমে ইতিবাচক আভাস দিলেন বিসিবির সভাপতি। মোহাম্মদ ইউসুফকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, তাঁর জায়গায় নতুন বিদেশি খেলোয়াড় তো নিতেই পারে ভিক্টোরিয়া। একটু পরই সিদ্ধান্ত বদল। ‘অন্য ক্লাবগুলো মানলে সমস্যা ছিল না। অন্যরা যেহেতু রাজি নয়, ভিক্টোরিয়া নতুন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না’—কাল বিসিবি অফিসে নিজের কক্ষে বসে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন আ হ ম মুস্তফা কামাল।তবে আশার কথা, বোর্ড দাবি না মানলেও আগের দিনের কঠোর অবস্থান থেকে সরে এসেছে ভিক্টোরিয়া। আজ ফতুল্লায় আবাহনীর বিপক্ষে রিপ্লে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে খেলবে বাড়তি বিদেশি খেলোয়াড় নিবন্ধনের দাবি না মানার প্রতিবাদ জানিয়ে। ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম কাল সন্ধ্যায় বলেছেন, ‘আমরা খেলার সিদ্ধান্ত নিয়েছি। কাল (আজ) ভিক্টোরিয়া অনপ্রটেস্ট খেলবে।’ ভিক্টোরিয়ার হয়ে খেলার জন্য গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ভারতীয় বাঁহাতি স্পিনার ইকবাল আবদুল্লাহ। ভিক্টোরিয়ার দশম বিদেশি হিসেবে তাঁর নিবন্ধন হয়ে গেছে কাল।মোহাম্মদ ইউসুফের ছাড়পত্র বিতর্কের কারণে গত ২৮ মার্চ আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচে এসেই থেমে গিয়েছিল সুপার লিগের খেলা। অনেক দেনদরবারের পর শেষ পর্যন্ত বোর্ডের সঙ্গে ছয় ক্লাবের সভায় বিতর্কিত সেই ম্যাচটি আবারও খেলার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় ইউসুফকে চলতি প্রিমিয়ার লিগে আর খেলতে না দেওয়ার। এ ছাড়া আবাহনীর দাবি মেনে সিসিডিএমের সদস্যসচিব ইকবাল ইউসুফ চৌধুরীকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয় বোর্ড।আবাহনীর বিপক্ষে ২৮ মার্চ পাওয়া ২ পয়েন্ট বাদ দিয়ে ১১ ম্যাচে ভিক্টোরিয়ার পয়েন্ট ১৬। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ওল্ড ডিওএইচএসের পরই তাদের অবস্থান। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী আছে চতুর্থ স্থানে।