ভিক্টোরিয়া প্রপাতেও ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসি আ টুনিয়া। স্মোক দ্য থান্ডার। ভিক্টোরিয়া ফলস। যে নামেই ডাকুন, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত সেই আগের মতোই আছে। বিশাল জলরাশি হয়ে জাম্বিয়ার গা বেয়ে গড়িয়ে পড়াতেই এর অপার সৌন্দর্য। এপারের জিম্বাবুয়েতে দাঁড়িয়ে প্রতিদিন সে সৌন্দর্য দেখে সম্মোহিত হয় হাজারো পর্যটক।পর্যটকেরা তো বটেই, যাদের পর্যটন ব্যবসা অনেকটাই ভিক্টোরিয়া জলপ্রপাতের ওপর নির্ভরশীল, সেই জিম্বাবুয়ে এমনকি ভিক্টোরিয়া ফলসের আসল ‘মালিক’ হয়েও এর সৌন্দর্য যাদের চোখের আড়ালে, সেই জাম্বিয়াও কৃতজ্ঞ থাকতে পারে ডেভিড লিভিংস্টোন নামের এক ভদ্রলোকের কাছে। স্কটিশ এই মিশনারিই প্রথম দেখেন প্রকৃতির বিস্ময় ভিক্টোরিয়া জলপ্রপাত। দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে, এর নাম দেন রানি ভিক্টোরিয়ার নামে। এর পর থেকেই দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে ভিক্টোরিয়া জলপ্রপাতের রূপমাধুর্যের কথা। আজ তো সারা বিশ্বেরই অন্যতম দর্শনীয় স্থান এটি।এই এক জলপ্রপাত যেন ভিক্টোরিয়া ফলস শহর আর বাকি জিম্বাবুয়ের মধ্যে অদৃশ্য এক বিভাজন রেখা টেনে দিয়েছে। রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক মন্দায় ধুঁকতে থাকা জিম্বাবুয়ের চেহারা এখানে পুরোই বিপরীত। জাম্বিজি নদীর ওপর ডুবতে থাকা সূর্য বেদনার বিউগল না বাজিয়ে শোনায় আরেকটি সুন্দর সকালের তোপধ্বনি। সাদা-কালোর ভেদাভেদহীন শহর কেবলই সৌহার্দ্য, শান্তি আর আনন্দের।প্রকৃতি আর অ্যাডভেঞ্চার একই সুতায় বাঁধা ভিক্টোরিয়া ফলসে। জলপ্রপাত দেখা, জাম্বিজি নদীতে নৌবিহার কিংবা বাঞ্জি জাম্প-ক্যানোয়িংয়ের মতো অ্যাডভেঞ্চারের বাইরে যেখানে কোনো আলোচনা নেই, সেখানে অপ্রত্যাশিতভাবে ক্রিকেট ঢুকে পড়াটা নতুন ব্যাপারই। সে নতুনত্বের সঙ্গে সাক্ষাৎ প্রথমবার জলপ্রপাতের সামনে দাঁড়ানোর মতোই চমক জাগানো। ‘আমার ছেলে ট্রাভিস ফ্রেন্ডও ক্রিকেট খেলত’—বাংলাদেশি আট সাংবাদিককে চমকে দিয়ে কথাগুলো বললেন ইয়ান ফ্রেন্ড নামের ভদ্রলোক।ভিক্টোরিয়া ফলস থেকে ট্যাক্সিতে মিনিট পাঁচেকের দূরত্ব। জলপ্রপাতের শব্দ গিবসন রোডের ৩৫৭ নম্বর বাড়ি থেকেও স্পষ্ট শোনা যায়। বাড়ি অবশ্য এখন আর নেই। বুলাওয়ের বাসিন্দা মালিক বাড়িটাকে বানিয়ে ফেলেছেন ছোটখাটো একটা অতিথিশালা। নাম দিয়েছেন ভিক্টোরিয়া ফলস ব্যাকপ্যাকার্স লজ। অতিথিদের গাড়ির দরজা খুলে দিতে এখানে পাঁচ তারকা হোটেলের মতো উর্দি পরা সান্ত্রি নেই। আছেন ইনো নামের চল্লিশোর্ধ্ব এক কৃষ্ণাঙ্গ কেয়ারটেকার, সুদূর আফ্রিকায় বসেও যাঁর জ্ঞান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আর যুদ্ধাপরাধীদের বিচারকে ছুঁয়ে যায়। ছনের কটেজে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র না থাকলেও আছে আন্তরিকতা। ছুটি কাটাতে আসা ইতালির তরুণ ওয়ার্নার স্টিফার মাঝরাতে ক্যাসিনোতে যেতে চাইলে তাঁকে বন্য হাতির কথা মনে করিয়ে দিয়ে অভিভাবকের মতো চোখ পাকান কেউ। আগে থেকে জানিয়ে যাওয়া বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের কাছে যেমন মাত্র দুই রাতেই এটি হয়ে গেল নিজের বাড়ি, তেমনি হুট করে চলে আসা জার্মান তরুণী ফেলিসিটাস মাল্ট্রির যত্নআত্তিও কম হয় না।৫৯ বছর বয়সী ইয়ান ফ্রেন্ড প্রায় এক বছর ধরে এই লজেরই ব্যবস্থাপকের দায়িত্বে। বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের প্রতি তাঁর বাড়তি নজরের কারণটা বোঝা গেল, যখন বললেন ওই কথাটা, ‘...আমি ট্রাভিস ফ্রেন্ডের বাবা।’ট্রাভিস ফ্রেন্ডের নাম এত দ্রুত ভুলে যাওয়ার কথা নয় কারও। মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আসা জিম্বাবুয়ের সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশের বিপক্ষেও খেলেছেন তিনটি টেস্ট আর তিনটি ওয়ানডে। শুধু খেলেছেন বললে কম বলা হবে। ২০০১ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ফ্রেন্ডের বিধ্বংসী বোলিং বাংলাদেশের প্রথম ইনিংস শেষ করে দিয়েছিল মাত্র ১০৭ রানে। ৯ নম্বরে নেমে ব্যাটসম্যান ফ্রেন্ড করেছিলেন ৮১ রান। দ্বিতীয় ইনিংসে আরও ২ উইকেট নিয়ে অবধারিতভাবে ওই টেস্টের ম্যান অব দ্য ম্যাচও তিনি। তবে অসামান্য প্রতিভা নিয়ে এলেও মাত্র ১৩ টেস্ট ও ৫১টি ওয়ানডে খেলেই সূর্যাস্ত নামে ফ্রেন্ডের ক্যারিয়ারে। ২০০৪ সালে জিম্বাবুয়ের ১৫ বিদ্রোহী ক্রিকেটারের অন্যতম ছিলেন এই শ্বেতাঙ্গ ক্রিকেটার। হিথ স্ট্রিকসহ অনেকেই পরে আবার নানাভাবে জিম্বাবুয়ের ক্রিকেটে সম্পৃক্ত হয়েছেন, কিন্তু ফ্রেন্ড আর ফেরেননি। সম্পূর্ণ অন্য জগতে গিয়ে বর্তমানে তিনি কাতার এয়ারওয়েজের পাইলট।ট্রাভিস ফ্রেন্ডের কথা বলার সময় কিছুটা ভারী হয়ে এল ইয়ান ফ্রেন্ডের কণ্ঠ। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। ট্রাভিসের মতো আরেক ছেলে জেসন ফ্রেন্ডও দূরে। দক্ষিণ আফ্রিকার একটা গেম পার্কে রেঞ্জারের চাকরি করেন। একসময়ের স্টিল মিলের বড় কর্তা ইয়ান তাই এক বছর হলো বেছে নিয়েছেন ব্যাকপ্যাকার্স লজের একাকী জীবন। দুই ছেলের কেউই কখনো আসেননি বাবার কর্মস্থলে। ক্রমেই প্রৌঢ়ত্বের দিকে এগোতে থাকা দীর্ঘদেহী ভদ্রলোকের সঙ্গী বলতে লজে নিজের বড় ঘরটা, একটা সাদা নিশান গাড়ি এবং লজে থাকতে আসা নানা ধর্ম-বর্ণের অতিথিরা। ও, হ্যাঁ, বন্য হাতিরাও আছে।স্থানীয় পাব থেকে সবার শেষে বের হওয়া লোকটির নাম ইয়ান ফ্রেন্ড বলেই রাতের বেলা আশপাশের রাস্তায় নামা বন্য হাতির দলের সঙ্গে তাঁর দেখা-সাক্ষাৎই সবচেয়ে বেশি। ‘সেদিন আমাদের লজের সীমানাপ্রাচীরের একেবারে কাছে চলে এসেছিল ওরা (হাতি)। হঠাৎ করে হাতি চলে আসতে পারে—এটা ছাড়া আর কোনো ভয় নেই এই লজে।’—আতঙ্ক নয়, সবার মধ্যে থাকার আনন্দটাই যেন খুঁজে পাওয়া গেল কথাগুলো বলার সময় তাঁর হাস্যোজ্জ্বল চেহারায়।টিকে আছে ক্রিকেটের সঙ্গে বন্ধুতাও। ইয়ান নিজেও একসময় ক্রিকেট খেলতেন। রোডেশিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন দুটি ম্যাচ। আইপিএলের মতো রংচঙা টি-টোয়েন্টিই ক্রিকেটটাকে নষ্ট করল, শচীন টেন্ডুলকারের এবার অবসর নিয়ে নেওয়া উচিত—ইয়ান ফ্রেন্ডের কৌতূহল ক্রিকেটের সব প্রকোষ্ঠে। তবে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে জানেন ছাড়া ছাড়া কিছু তথ্য, ‘মনে আছে, এই দলের বিপক্ষে একবার আমার ছেলে খুব ভালো খেলেছিল’, ‘তোমাদের একজন (মুশফিকুর রহিম) না কিছুদিন আগে নিউজিল্যান্ডের (আসলে শ্রীলঙ্কা) বিপক্ষে দুই শ করল’ ইত্যাদি ইত্যাদি।এ মুহূর্তে ইয়ান ফ্রেন্ডই ভিক্টোরিয়া ফলসে ক্রিকেটের সবচেয়ে বড় স্মারক হলেও ক্রিকেটের প্রতি আগ্রহটা ছড়িয়ে-ছিটিয়ে পুরো শহরেই। নইলে বাংলাদেশি সাংবাদিকদের ভুল করে বাংলাদেশি ক্রিকেটার ভেবে ওরকম রোমাঞ্চিত হয়ে উঠবে কেন রেইন ফরেস্ট রেস্টুরেন্টের কর্মচারীরা! ছবিটবি তুলে সে এক হুলস্থুল অবস্থা। তাদের উৎসাহ দেখে ভুল ভাঙাতে মায়াই লাগল।