তিন মৌসুম পর প্রিমিয়ার লিগে ফিরে বড় বাজেটের দলই করেছিল ব্রাদার্স। কিন্তু পরিস্থিতি যা, এবারই না আবার রেলিগেশন লিগ খেলতে হয় দলটাকে! কাল ফতুল্লার ম্যাচে ভিক্টোরিয়ার কাছে ৬ উইকেটের হার তাদের দিল এবারের লিগে ষষ্ঠ পরাজয়ের স্বাদ। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্স এখন পয়েন্ট তালিকার নবম স্থানে।ব্রাদার্সের মতো ৯ ম্যাচে তিন জয় সিসিএসেরও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল তৃতীয় জয়টা এসেছে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। ৬৮ রানে হেরে পঞ্চম পরাজয়ের স্বাদ পেয়েছে প্রাইম।ফতুল্লায় মাত্র ১২৪ রানের বাধা দাঁড় করিয়েছিল ব্রাদার্স। সেটা টপকাতে ভিক্টোরিয়ার লেগেছে মাত্র ৩০.২ ওভার। খরচ হয়েছে দুই ওপেনার তামিম ইকবাল আর আসিফ জাকিরের উইকেট দুটি। আগের ম্যাচে ৮৫ রান করা তামিম কাল আউট হয়ে গেছেন ৪৯-এ। তবে ৪২ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেটে জহুরুল ইসলামের সঙ্গে তাঁর ৫৭ রানের জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় ভিক্টোরিয়া। ৫৫ রানে অপরাজিত জহুরুল মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই। ৯ ম্যাচে ৪১৫ রান করে সর্বোচ্চ রান করাদের তালিকায় কাল মুশফিকুর রহিমকে (৩৮০) টপকে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।এর আগে ১১ ওভারের মধ্যে ২০ রানে ৫ উইকেট হারানো ব্রাদার্স বড় লজ্জায়ই ডুবতে বসেছিল। বাঁচিয়েছেন সোহেল আহমেদ (৪৭)। ষষ্ঠ উইকেটে তুষার (১০)-সোহেলের ৪৯ ও সপ্তম উইকেটে সোহেল-ধীমানের (২৯) ৩৩ রানের দুই জুটিতেই এক শ পার হয় ব্রাদার্স।মিরপুরে রবিউল রবি (৬৫) ও অমিত মজুমদারের (৮৭) ১২৬ রানের জুটিই বড় রানের দিকে এগিয়ে দেয় সিসিএসকে। ষষ্ঠ উইকেটে সুলেমান খান (৬০)-জুবায়ের আহমেদের (৩০*) ৮৭ রানের জুটিতে ধরাছোঁয়ার বাইরেই চলে যায় তারা। সিসিএসের ২৭০ রানের জবাবে প্রাইম দোলেশ্বরের ইনিংস এগিয়েছে ধুঁকে ধুঁকে। ৯ উইকেটে ২০২ রানে সবচেয়ে বড় অবদান অধিনায়ক নাদিফ চৌধুরীর ৩৯।সং ক্ষি প্ত স্কো রসিসিএস: ৫০ ওভারে ২৭০/৭ (অমিত ৮৭, রবিউল রবি ৬৫, সুলেমান ৬০, জুবায়ের ৩০*; মনির ৪/৩৮)। প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২০২/৯ (নাদিফ ৩৯, সুমন ৩৫*, মেহেদী ২৮, কামরান ২৬, তাইজুল ২৬, মানবিন্দর ২০; রাশেদ ৩/৩৬, রবিউল রবি ২/৩৭)। ফল: সিসিএস ৬৮ রানে জয়ী।ব্রাদার্স: ৪২.৫ ওভারে ১২৪ (সোহেল ৪৭, ধীমান ২৯; মোশাররফ ৩/২৭, সাকিব ২/২১, আল-আমীন ২/২২)। ভিক্টোরিয়া: ৩০.২ ওভারে ১৩০/৪ (জহুরুল ৫৫*, তামিম ৪৯; মনসুর ১/১, রনি ১/৩০, সোহেল ১/৫০)। ফল: ভিক্টোরিয়া ৬ উইকেটে জয়ী।