ভিক্টোরিয়ার হারে শীর্ষে ডিওএইচএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনে তিন অঘটন! প্রিমিয়ার ক্রিকেট লিগে কাল মিরপুরে শিরোপাপ্রত্যাশী ভিক্টোরিয়া ৩ উইকেটে হেরে গেছে কলাবাগানের কাছে। এর আগে পরশু আবাহনী-মোহামেডান দুই বড় দলই পেয়েছে চতুর্থ পরাজয়ের স্বাদ। গাজী ট্যাংকের কাছে আবাহনী হেরেছে ৩ উইকেটে, ব্রাদার্সের কাছে মোহামেডান ৬ রানে।তিন অঘটনের পর পরশু শেখ জামালকে ২৫ রানে হারানো ওল্ড ডিওএইচএস পয়েন্ট তালিকার শীর্ষে। ৯ ম্যাচে (সূর্যতরুণের বিপক্ষে ম্যাচ বাদ দিয়ে) আট জয়ে পয়েন্ট ১৬। মুখোমুখি লড়াইয়ে ওল্ড ডিওএইচএসকে হারানোর সুবাদে সমান পয়েন্ট থাকার পরও এর আগে শীর্ষে ছিল ভিক্টোরিয়া। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয়।পয়েন্ট তালিকার নিচের দিকেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সূর্যতরুণ প্রথম বিভাগে নেমে যাওয়ার পর রেলিগেশন লিগ এখন হয়ে গেছে প্লে-অফ ম্যাচের। লিগ পর্বের সব ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে বিমান সবচেয়ে নিচের দল। প্লে-অফ ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী কাল বিকেএসপিতে অনুষ্ঠেয় কলাবাগান-ব্রাদার্স ম্যাচের পরাজিত দল। ৯ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৬, কলাবাগানের ৪। সমান ম্যাচে ৬ পয়েন্ট সিসিএসেরও। তবে ব্রাদার্স ও কলাবাগান দুই দলের বিপক্ষেই জয় আছে বলে আগামীকাল শেষ ম্যাচে ভিক্টোরিয়ার কাছে হারলেও নিরাপদ থাকবে সিসিএস।লিগে নিজেদের চতুর্থ ম্যাচে মোহামেডানের কাছে হারার পর টানা পাঁচ ম্যাচ জিতেছিল ভিক্টোরিয়া। কাল কলাবাগান থামিয়ে দিল সেই জয়রথ। পাকিস্তানি কামরান সাজিদের ৫৫ আর আসিফ জাকিরের ৪৪ রানের সৌজন্যে ভিক্টোরিয়ার দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাদেরই স্বদেশি রিফাতউল্লাহর অপরাজিত ১০৩ রানের কল্যাণে পার হয়ে গেছে কলাবাগান। তবে সহজ হয়নি কাজটা, জয় এসেছে মাত্র তিন বল বাকি থাকতে। শেষ ২ ওভারে দরকার ছিল ১১। পেসার আল আমিনের করা ৪৯তম ওভারে ৯ রানই শেষ করে দিয়েছে ভিক্টোরিয়ার আশা।এর আগে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে কলাবাগান পরাজয়ই দেখছিল। পঞ্চম উইকেটে আরেক পাকিস্তানি আবিদ আলীর (৩০) সঙ্গে রিফাতউল্লাহর ৯৪ রানের জুটি বদলে দেয় চিত্রটা। দলকে ১৬০ রানে রেখে আবিদ আউট হয়ে গেলেও ম্যাচ জেতানো ইনিংস খেলা রিফাতউল্লাহ মাঠ ছেড়েছেন সতীর্থদের কাঁধে চড়ে, কলাবাগানের উল্লাসের কেন্দ্রবিন্দু হয়ে।আবিদ আলীর আউট নিয়ে মাঠে একটু ঝামেলাও হলো। রানআউটের চেষ্টায় শর্ট ফাইন লেগ থেকে সাকিবের থ্রো তাঁর গায়ে লাগলে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগে আউটের আবেদন করে ভিক্টোরিয়া। আম্পায়ার সাড়া না দিলে সতীর্থদের নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন অধিনায়ক সাকিব আল হাসান। ভিক্টোরিয়ার দাবির মুখে পরে আউট ঘোষণা করা হয় আবিদকে। এবার কলাবাগানের উত্তপ্ত হওয়ার পালা। আউটের সিদ্ধান্তের প্রতিবাদ আসতে থাকে গ্যালারি ও ড্রেসিংরুম থেকে। একপর্যায়ে ব্যাটসম্যানদের মাঠ থেকে উঠে আসতেও বলা হয়। শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত বহাল রেখেই মিনিট দশেক পর খেলা আবার শুরু হয়। ম্যাচ শেষে মাঠে গালাগালি করার অভিযোগে সাকিবকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাচ রেফারি।ফতুল্লায় বিমানকে ২২৭ রানে আটকে রেখে ৫ উইকেটে সহজ জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। বিমানের ইনজুরি-ফেরত পেসার মাশরাফি বিন মুর্তজা উইকেট না পেলেও বোলিং খারাপ করেননি। ৬ ওভারের প্রথম স্পেলের ৩টি ছিল মেডেন, রান দিয়েছেন ১১। ২ ওভারের শেষ স্পেলে দিয়েছেন আরও ১১ রান।পরশু একই মাঠে ব্রাদার্সের বিপক্ষে জেতার সম্ভাবনা জাগিয়েও হেরেছে মোহামেডান। নাজিমউদ্দিনের ফিফটির (৬৯) সৌজন্যে ব্রাদার্সের ৯ উইকেটে ২৬৭ রানের জবাবে মোহামেডান ৮ উইকেটে করেছে ২৬১। দল হারলেও এ ম্যাচে নিজের ষষ্ঠ ফিফটি (৭৬) করে মোহামেডানের ওপেনার ইমরুল কায়েস এখন লিগের সর্বোচ্চ রানসংগ্রাহক (৪৯৮)।আবাহনীর অধিনায়ক মাহমুদউল্লাহ ৪৯৪ রান নিয়ে আছেন ঠিক ইমরুলের পরেই এবং ইমরুলের মতো পরশু হেরেছে তাঁর দলও। মিরপুরে গাজী ট্যাংকের বিপক্ষে ৫০ রানে ৩ উইকেট হারানোর পর মার্শাল আইয়ুব-মাহমুদউল্লাহর ৯৬ রানের চতুর্থ উইকেট জুটি। কিন্তু মার্শালের সেঞ্চুরি (১১২) ও মাহমুদউল্লাহর ৪২ শেষ পর্যন্ত বৃথাই গেছে। নাসির হোসেন (৫৯) ও আসিফ আহমেদের (৬৩*) ফিফটিতে ৭ বল বাকি থাকতে জিতে যায় গাজী ট্যাংক। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এখন তারাই তৃতীয়।একই দিনে বিকেএসপিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও শেখ জামালের বিপক্ষে ২৫ রানে জিতেছে ওল্ড ডিওএইচএস। মাত্র ৩১ রানে পঞ্চম উইকেট পড়ার পর ফয়সাল হোসেনের অপরাজিত ৭৪ রানের সুবাদে ৭ উইকেটে ১৯৫ করে ওল্ড ডিওএইচএস। জবাবে ৯ বল বাকি থাকতে ১৭০ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল।সং ক্ষি প্ত স্কো রভিক্টোরিয়া: ৪৮.৫ ওভারে ২০৮ (কামরান ৫৫, আসিফ ৪৪, সাব্বির ৩৩; সোহাগ ২/৩৯, শাহাদাত ২/৪৯)। কলাবাগান: ৪৯.৩ ওভারে ২০৯/৭ (রিফাতউল্লাহ ১০৩*, আবিদ ৩০, নাসিরউদ্দিন ২৫, সালমান ২৪; সাকিব ৩/৩৭, মোশাররফ ২/৪০)। ফল: কলাবাগান ৩ উইকেটে জয়ী।বিমান: ৫০ ওভারে ২২৭/৮ (খালেদ ৮৬, ফাওয়াদ ৫৭, আহসানুল ৩২*; তাইজুল ৩/৪৭, মুরাদ ২/৫৭)। প্রাইম দোলেশ্বর: ৪৮.১ ওভারে ২২৮/৫ (মেহেদি ৬৩, মানবিন্দর ৪৩*, সুমন ৩৬*, নাদিফ ২৮, কামরান ২৫; রেজাউল ৩/৪৩)। ফল: প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে জয়ী।