ভিক্টোরিয়ারই শেষ হাসি
দুই দলের রান সমান হতেই ভিক্টোরিয়ার ড্রেসিংরুমে শুরু হয়ে গেল হুড়োহুড়ি। জার্সি খুলে সবাই গায়ে চাপাল সবুজ টি-শার্ট, যাতে লেখা ‘চ্যাম্পিয়ন ২০১১-১২।’ এরপরই মাঠের দিকে ছুট। তাড়াহুড়োয় টি-শার্টটা ঠিকমতো গায়ে চাপাতেই পারছিলেন না সাকিব আল হাসান। ওই অবস্থাতেই যোগ দিলেন সতীর্থদের সঙ্গে। গ্যালারি থেকে কাঁটাতার টপকে তাঁদের সঙ্গী হলো একদল সমর্থক। একজনের হাতে ক্লাবের বিশাল এক পতাকা। বাউন্ডারি সীমানার বাইরে দাঁড়িয়ে সবাই প্রতীক্ষায় সেই মুহূর্তটির। শেষ ওভারে প্রয়োজন ১ রান, হাতে ৩ উইকেট।কিন্তু কাঙ্ক্ষিত মুহূর্তটি কি এত সহজে ধরা দেয়? শেষ ওভারের প্রথম বলেই নাহিদুলকে ফিরতি ক্যাচ দিলেন মুক্তার আলী। পরের দুই বলেও রান নিতে পারলেন না ইকবাল আবদুল্লাহ। ক্রিকেটাররা যেন স্তম্ভিত, কর্মকর্তাদের অস্থির পায়চারি, ফটোগ্রাফারদের পাশে বসে পড়লেন সাকিব। অবশেষে চতুর্থ বলে এক্সট্রা কভারের ওপর উড়িয়ে দলকে উল্লাসে ভাসালেন আবদুল্লাহ। বিতর্ক-তিক্ততা আর নাটকীয়তায় ভরা দীর্ঘ ২০১১-১২ ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব!সমীকরণটা দুই দলের জন্যই ছিল সহজ—জিতলেই শিরোপা। ওল্ড ডিওএইচএস জিতলে চ্যাম্পিয়ন হতো পয়েন্ট ব্যবধানেই। ভিক্টোরিয়ার জয়ে দুই দলের পয়েন্ট সমান হয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন তারা মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায়। বাইলজ অনুযায়ী ওল্ড ডিওএইচএস শেষ পর্যন্ত রানার্সআপও হতে পারেনি। কাল গাজী ট্যাংকের কাছে শেখ জামাল হেরে যাওয়ায় তিন দলের পয়েন্টই হয়েছে ২২। মুখোমুখি লড়াইয়ে বাকি দুই দলকে হারানোয় চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া। মুখোমুখি লড়াইয়ে ডিওএইচএসকে হারিয়ে রানার্সআপ গাজী ট্যাংক। ৫ জুনের ওই ম্যাচে জিতলে সেদিনই চ্যাম্পিয়ন হয়ে যেত ডিওএইচএস। কারণ, বগুড়ায় সেদিন হেরেছিল ভিক্টোরিয়া। ‘উপহার’ পেয়ে সেই ভিক্টোরিয়াই কাল পেয়ে গেল ঢাকার শীর্ষ লিগে চতুর্থ শিরোপা। পুরো লিগে নাটকীয়তার সবচেয়ে বড় প্রমাণ পয়েন্ট টেবিলই। নাটকীয়তায় শেষ পরশ বুলিয়ে দিল যেন অলিখিত ফাইনালে রূপ নেওয়া ম্যাচটি। এমন চাপের ম্যাচ আর ব্যাটিং উইকেটে টস জিতে ভিক্টোরিয়ার ফিল্ডিং নেওয়া অবাক করেছিল অনেককেই। কিন্তু সিদ্ধান্তটিকে সঠিক প্রমাণে যেন উঠে পড়ে লাগল ডিওএইচএসই! অন্যতম ভরসা জিয়াউর ৪ রানেই রানআউট নুরুল হাসানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। সেই নুরুল পরে এলবিডব্লু বাজে এক সুইপ শটে। সাকিবের সরাসরি থ্রোতে রানআউট শুভাগত। আদনান রাজা আর অধিনায়ক ফয়সাল হোসেনও বাজে শটে দ্রুত ফিরলে ডিওএইচএসের ৫ উইকেট নেই ৯২ রানেই!বিপর্যয় থেকে উদ্ধার দুই বিদেশির ব্যাটে। টানা উইকেট পতনের মাঝেও একপ্রান্তে সপ্রভিত ছিলেন ভারতীয় ব্যাটসম্যান উদয় কাউল। রোয়েলফ ফন ডার মারউই ঢাকা লিগে প্রথমবার দেখালেন ব্যাট হাতে নিজের পরিচিত চেহারাটা। উদয় (৯৫ বলে ৬৫) প্রান্তবদল করেছেন নিয়মিত, মারউই (৫৬ বলে ৫৯) তুলেছেন ঝড়। ৫টি ছয় মেরেছেন শুধু বাঁহাতি স্পিনার মোশারফ হোসেনকেই, সাকিবকে একটি। শেষ দিকে মোহাম্মদ শরিফের ক্যামিও (২৬ বলে ৩৩*) এনে দেয় ২৩৮ রানের লড়িয়ে পুঁজি।একদিকে পরিচিত তামিম আর আরেক দিনে সাবধানী সৈকত ভিক্টোরিয়াকে এনে দেন দারুণ শুরু। এনামুলকে ছয় মারতে গিয়ে তামিমের (৫৯ বলে ৫৭) আউটে মোড় পাল্টে যাওয়ার শুরু। দারুণ দুটি বলে নাবিল দ্রুত ফিরিয়ে দেন জহুরুল-সাকিবকে। সিনিয়রদের ব্যর্থতার দিনে চওড়া হয়ে যায় ‘জুনিয়র’দের ব্যাট। এক প্রান্ত আগলে রাখার পাশাপাশি রানের চাকাও সচল রাখেন ওপেনার সৈকত আলী। সহজাত আক্রমণাত্মক প্রবণতাকে দমিয়ে দলের প্রয়োজনে দায়িত্বশীল হলেন সাব্বির (৫২ বলে ৪০) ও সৌম্য সরকার (৪৪ বলে ২৬)। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট ম্যাচটাকে জমিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত জিতেছে যোগ্যতম দলটাই। মৌসুমের শুরুতে মাঠের বাইরের কিছু ঘটনায় দুই দলের তিক্ততা যেভাবে চরমে উঠেছে, ডিওএইচএসকে হারিয়ে শিরোপাটা নিশ্চয়ই তাতে আরও মধুর মনে হচ্ছে ভিক্টোরিয়ার কাছে!সংক্ষিপ্ত স্কোরডিওএইচএস: ৫০ ওভারে ২৩৮/৯ (উদয় ৬৫, ফন ডার মারউই ৫৯, শরীফ ৩৩*, নুরুল ২২; আবদুল্লাহ ২/৪২, সাব্বির ১/১৪, শরিফউল্লাহ ১/৩৯, সাকিব ১/৫৪, মোশাররফ ১/৬২)। ভিক্টোরিয়া: ৪৯.৪ ওভারে ২৩৯/৮ (সৈকত ৭১, তামিম ৫৭, সাব্বির ৪০, সৌম্য ২৬; নাবিল ৩/৪৪, নাহিদ ২/৩০; ফন ডার মারউই ১/৩৪, এনামুল ১/৩৮)। ফল: ভিক্টোরিয়া ২ উইকেটে জয়ী।