ভিক্টোরিয়ায় সাকিব-তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে দলে ভিড়িয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল বদলের আনুষ্ঠানিকতা সারল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।আশি-নব্বই দশকে ঢাকার দুই জনপ্রিয় ক্লাব আবাহনী-মোহামেডানের সঙ্গে ঢাকার ক্রিকেট লিগে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলত ঐতিহ্যবাহী দল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। কিন্তু এক যুগ ধরে বিভিন্ন সমস্যার কারণে লিগে লড়াই করার মতো দল গড়তে পারছিল না ক্লাবটি।হারানো ঐতিহ্য ফিরে পেতে ২০১১-২০১২ মৌসুমের বড় বাজেটের দল গড়ার সিদ্ধান্ত নেয় ভিক্টোরিয়া। তাই আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হোটেলে ক্রিকেট লিগে দল বদলের আনুষ্ঠানিকতা সারতে খেলোয়াড়দের নিয়ে হাজির হন ভিক্টোরিয়া ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।নতুন ও পুরোনো খেলোয়াড়দের নিয়ে নতুন মৌসুমের জন্য দল সাজিয়েছে ভিক্টোরিয়া। বেশ কয়েক দিন ধরে গুঞ্জন ছিল বাংলাদেশ জাতীয় দলের দুই সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল পুরোনো ক্লাব মোহামেডান ছেড়ে পাড়ি জমাবেন অন্য ক্লাবে। হলোও ঠিক তাই। নতুন মৌসুমে সাকিব-তামিম নাম লেখালেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। দলের দুই তারকা সাকিব-তামিমকে বড় পারিশ্রমিকে দলে নিলেও অঙ্কের পরিমাণটা জানাননি ক্লাবের নতুন গভর্নিং বোর্ডের চেয়ারম্যান লুত্ফর রহমান।সাকিব-তামিম ছাড়া দল বদলের শেষদিন বেশ কিছু খেলোয়াড় নাম লিখিয়েছেন ভিক্টোরিয়া ক্লাবে। এবারের মৌসুমে বিদেশি খেলোয়াড় হিসেবে চারজনের সঙ্গে পাকা কথা বলেছেন বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। এই চার ক্রিকেটার হলেন পাকিস্তানের শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ওয়াহাব রিয়াজ ও ভারতের মনোজ তিওয়ারি। তবে সুপার লিগে ভালো অবস্থানে থাকলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকেও দলে দেখা যেতে পারে।ভিক্টোরিয়ার ক্রিকেটাররা: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, জহিরুল ইসলাম অমি, রুম্মাম বিন সাব্বির, তারেক আজিজ, মুক্তার আলী, মোশাররফ রুবেল, শরীফুল্লাহ, সৈকত আলী, আল-আমিন, আরমান, হান্নান সরকার, জুবায়ের, শম্ভু সরকার ও সাজু দত্ত।বিদেশি ক্রিকেটার: শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ওয়াহাব রিয়াজ ও মনোজ তিওয়ারি। বাসস।