ভিটরিকে ‘অর্ডিনারি’ বললেন তামিম
আট বছর আগে নাফিস ইকবাল ‘অর্ডিনারি’ শব্দটা বিশ্ব ক্রিকেটে আলোচিত করে তুলেছিলেন। বিকেএসপিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার পর ইংলিশ স্পিনারদের ‘অর্ডিনারি’ বলে মন্তব্য করে আলোড়ন তুলেছিলেন ব্রিটিশ মিডিয়ায়। কাল হারারেতে ছোট ভাই তামিম ইকবাল আবারও সেই শব্দটাকে আলোচনায় নিয়ে এলেন।নাফিসের মন্তব্যটা এত ‘বিখ্যাত’ হয়ে গেছে ব্রিটিশ মিডিয়ার কল্যাণে। ইংল্যান্ডের এক পত্রিকা লিখেছিল, ‘অ্যাশলি জাইলস তাঁর বোলিং নিয়ে জীবনে অনেক রকম কথাই শুনেছেন। তবে ১৭ বছরের এক কিশোরের মুখে “অর্ডিনারি” শুনলেন এই প্রথম।’বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট নিয়ে কারই বা এমন আগ্রহ! টেস্টটা কাভারও করছেন হাতেগোনা কয়েকজন সাংবাদিক। তামিমের মন্তব্য তাই সেভাবে প্রচার পাওয়ার প্রশ্নই ওঠে না। তবে হারারে প্রেসবক্স অবশ্য মুখর হয়ে থাকল এ নিয়ে আলোচনাতেই। জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার তো ‘এই ছেলে বলে কী’ ভঙ্গিতে জনে-জনে তা বলে বেড়াতে লাগলেন।জাইলস-ব্যাটিকে ‘অর্ডিনারি’ বলেছিলেন নাফিস ইকবাল। তামিম ইকবাল ‘অর্ডিনারি’ বললেন জিম্বাবুয়ের বাঁহাতি পেসার ব্রায়ান ভিটরিকে। প্রথম ইনিংসে ভিটরির বলেই আউট হয়েছিলেন। সেই ঝাল মিটিয়েছেন দ্বিতীয় ইনিংসে ভিটরির ২৭ বলে ৩২ রান নিয়ে। তার পরও যেন ঝালটা পুরোপুরি মেটেনি। সেটি মেটালেন সংবাদ সম্মেলনে এসে। জিম্বাবুয়ের বোলারদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। কাইল জার্ভিসকে ‘ওকে’ বললেন, যেটির বাংলা হতে পারে ‘চলে’। ভিটরিকে উড়িয়ে দিলেন ‘অর্ডিনারি’ বলে। ভুল শুনলেন কি না, এই ধন্দে পড়ে যাওয়া সাংবাদিকদের ব্যাখ্যাও দিলেন, ‘আমি কাউকে শুধু বলার জন্য তো ভালো বলতে পারি না। যা মনে হয়েছে তাই বলেছি।’পোফুর বল ছেড়ে দিয়ে বোল্ড হয়েছেন। তা নিয়ে আক্ষেপ আছে, ‘বলের লাইনটা বুঝতে পারিনি।’ ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সমান সম্ভাবনা দেখছেন। কারণ শেষ দিনে ২৬৩ করাটা মোটেই অসম্ভব বলে মনে হচ্ছে না তামিমের কাছে, ‘একদম ফ্ল্যাট উইকেট। ব্যাটসম্যান ভুল না করলে এখানে আউট করা কঠিন। উইকেটে দুজন ফর্মে থাকা ব্যাটসম্যান আছে। এরপর সাকিব আর রিয়াদ (মাহমুদউল্লাহ) আছে, যাদের বড় রান করার সামর্থ্য আছে।’বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে জিম্বাবুয়ের কোনো বোলারের কথা বললেন না। তামিমের কাছে হুমকি ‘আমরা নিজেরাই।’ জিম্বাবুয়ে-অধিনায়ক ব্রেন্ডন টেলরও মনে হলো, সেটিতেই বেশি আশার আলো দেখছেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যান শট খেলতে পছন্দ করে। তা করতে গিয়ে সুযোগও দেয়।’ জিম্বাবুয়ের সম্ভাবনা একটু বেশি দেখছেন, তবে একই সঙ্গে যোগ করলেন, ‘ক্রিকেট ইজ আ ফানি গেম। উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই। বোলিংয়ে বেসিকটা ঠিক রাখতে না পারলে তাই যেকোনো কিছু হতে পারে। ওদের ভালো কিছু ব্যাটসম্যানও আছে।’উইকেটে বোলারদের জন্য কিছু নেই বলেই একটু আগেভাগেই ডিক্লেয়ার করে দিয়েছেন, ‘এই উইকেটে ওদের অলআউট করতে সময় লাগবে বলে চার সেশন বোলিং করতে চেয়েছি।’ সে জন্য টেলরের একটা ধন্যবাদ প্রাপ্যই। সম্ভাব্য তিনটি ফলের সম্ভাবনা নিয়েই টেস্টের পঞ্চম দিন শুরু হচ্ছে তো তাঁর স্পোর্টিং ডিক্লারেশনের কারণেই।