ভিডিও গেমসে 'টেন্ডুলকার' হন ফেদেরার

সারা পৃথিবীতে শচীন টেন্ডুলকারের আছে লাখ-কোটি ভক্ত আর গুণগ্রাহী। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা তারকা খুব ভালো করেই জানেন, এই গুণগ্রাহীর তালিকায় প্রথম দিকেই আছেন রজার ফেদেরার। টেনিসের সর্বকালের অন্যতম সেরা। দুই খেলার দুই সর্বকালের সেরার মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তা তো এরই মধ্যে স্থান পেয়ে গেছে ইতিহাসে।
টেন্ডুলকার-ফেদেরার দুজনেই দুজনের ভক্ত। ২০১১ সালে উইম্বলডনের সময় টেন্ডুলকার দেখা করেছিলেন ফেদেরারের সঙ্গে। সেন্টার কোর্টের প্রাঙ্গনে দুজন জমিয়েছিলেন দারুণ আড্ডা। চা খেতে খেতে দুজন বিনিময় করেছিলেন অনেক অভিজ্ঞতা। ফেদেরারের স্মৃতিতে সেই আড্ডার স্মৃতি আজও জ্বলজ্বলে। ভারতে টেনিস প্রিমিয়ার লিগ(আইপিটিএল) খেলতে এসে তাই তাঁর মুখে শুধুই টেন্ডুলকার।
দিল্লিতে আইপিটিএলের একটি ম্যাচে রাফায়েল নাদালের মুখোমুখি হয়েছিলেন ফেদেরার। প্রিয় টেন্ডুলকারকে সে ম্যাচ দেখতে ব্যক্তিগতভাবে আমন্ত্রণও জানিয়েছিলেন। দিল্লির কোর্টে টেনিস অন্যতম সেরা এই দ্বৈরথ দেখার এই আমন্ত্রণ অবশ্য টেন্ডুলকার রাখতে পারেননি।
ফেদেরার যে টেন্ডুলকারের কত বড় ভক্ত, সেটা তিনি নিজেই জানিয়েছেন। বলেছেন, বাড়িতে বসে ক্রিকেটের ভিডিও গেমস খেলার সময় সব সময়ই তিনি ‘শচীন টেন্ডুলকার’কে নিয়ে খেলেন। টেন্ডুলকারকে তিনি একজন ‘কিংবদন্তি’রই মর্যাদা দেন, ‘ভারতের ক্রীড়াবিদদের মধ্যে আমি টেন্ডুলকারের বড় অনুরাগী। উইম্বলডনে তার সঙ্গে দেখা হয়েছিল, সে একজন কিংবদন্তি। আমি যখনই ক্রিকেটের ভিডিও গেমস খেলি তখনই আমি ব্যাটসম্যান হিসেবে টেন্ডুলকারকে বেছে নিই।’
২০১১ সালে টেন্ডুলকারের সঙ্গে উইম্বলডনে দেখা হওয়ার স্মৃতি আনন্দ দেয় ১৭ বারের গ্র্যান্ডস্লাম বিজয়ীকে, ‘তার সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছিল। তার সঙ্গে উইম্বলডনে কী কথা হয়েছিল তা আমার পুরোপুরি মনে আছে। আমি সব সময়ই বড় বড় ক্রীড়াবিদদের সঙ্গ উপভোগ করি। ব্যাপারটাকে অভিজ্ঞতা হিসেবেই দেখি। আমি তাদের মেধা অনুধাবনের চেষ্টা করি। আমি সেদিন দারুণ একটা সময় কাটিয়েছিলাম শচীন টেন্ডুলকারের সঙ্গে।’
ভারতকে খুব ভালো লাগে ফেদেরারের। ভালোবাসেন ভারতের মানুষ, সংস্কৃতি আর খাবার। নিজেই বলেছেন, পরের বার এই প্রতিযোগিতায় খেলতে এলে তিনি সঙ্গে নিয়ে আসবেন তাঁর স্ত্রী-সন্তানদের।
টেন্ডুলকারের সঙ্গে তখন সপরিবারে নিশ্চয়ই দেখা হবে তাঁর। সূত্র: ওয়েবসাইট।