ভিত গড়েছিলেন স্পিনাররাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে দলেই ছিলেন না। থাকার কথাও না। এর আগের সাত মাসে মাত্র দুটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন। পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ওই দুটি ম্যাচে সাকল্যে ৩ উইকেট অজন্তা মেন্ডিসের। এমন একজনকে কি আবার সুযোগ দেওয়া যায়? কিন্তু ফতুল্লার উইকেট আর প্রতিপক্ষ ভারত বলেই হয়তো সেই সুযোগটা পেলেন মেন্ডিস। রহস্য স্পিনারের ওয়ানডে ক্যারিয়ার-সেরা বোলিংটা যে (৬/১৩) ভারতের বিপক্ষেই!

সাচিত্রা সেনানায়েকের অবশ্য খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল না। শারজা, আবুধাবি, বাংলাদেশের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপ-শ্রীলঙ্কা ওয়ানডে দলে সাম্প্রতিক নিয়মিত মুখ তিনি। মালিঙ্গা-মেন্ডিসের মতো বিধ্বংসী স্পেলে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার রেকর্ড তাঁর নেই। কিন্তু সময়মতো নিজেকে ঠিকই প্রমাণ করবেন—এই ভরসাতেই তাঁকে সুযোগ দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

মেন্ডিসের গত কয়েক মাসের বাজে ফর্ম দলে তার জায়গা কিছুটা নড়বড়ে করে দিয়েছিল। সেটা আবারও শক্তপোক্ত করার সুযোগ পেলেন কাল। মেন্ডিস সুযোগটা নিয়েছেন ভারতের বিপক্ষে আরও একবার জ্বলে ওঠে। সঙ্গে সেনানায়েকের ক্যারিয়ার-সেরা বোলিং। দুজনে মিলে নিয়েছেন ভারতের ৭ উইকেট। ধাওয়ান ও কোহলির ব্যাটে চড়ে যে ভারত একসময় বিশাল স্কোরের স্বপ্ন দেখছিল, তারা যে শেষ পর্যন্ত ২৬৪ রানে থেমে গেল সেটা এই দুই শ্রীলঙ্কান স্পিনারের বাধাতেই।

পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ৫ উইকেট নিয়ে মালিঙ্গা নায়ক হলেও এ দিন তাঁকে বেশ স্বচ্ছন্দে খেলছিল ভারত। দশম ওভারে রোহিত শর্মার উইকেট নিয়ে সেনানায়েকে প্রথন ব্রেক থ্রু দিলেন, সেই ধাক্কা গায়ে না লাগিয়ে একসময় ১ উইকেটে ১৩০ রান তুলে নিয়েছিল ভারত। ২৭তম ওভারের খেলা চলছে কেবল তখন। মেন্ডিসের ক্যারম বলের জাদু দেখা গেল সেই সময়টায়। নিজের পঞ্চম ওভারের তৃতীয় বলেই বিরাট কোহলির অফ স্টাম্প উপড়ে দিলেন। কিন্তু ধাওয়ান তখনো ছিলেন এবং ভারতের তিন শ ছোঁয়ার আশাও জেগে ছিল। সেটা হুট করে নিষপ্রভ হয়ে গেল মেন্ডিসের তৃতীয় স্পেলে। নিজের সপ্তম ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড করলেন ধাওয়ানকে, শেষ বলে দিনেশ কার্তিক ক্যাচ দিলেন চতুরঙ্গা ডি সিলভার হাতে। পরের উইকেটটা আবার ক্যারম বলে। শেষ দিকে ভুবনেশ্বর কুমারের উইকেট মিলিয়ে দিন শেষে তাঁর ৪ উইকেট।

মেন্ডিসের চেয়ে একটা উইকেট কম সেনানায়েকের। কিন্তু উইকেট নেওয়ার চেয়েও রানের লাগাম ধরের রাখার ক্ষমতাটাই সাম্প্রতিককালে বেশি কাজে লাগাচ্ছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষেও কাল সেই দায়িত্ব ভালোই পালন করেছেন কলম্বোর এই স্পিনার। ১০ ওভারে ৪১ রান, আগের ম্যাচগুলোর কথা মাথায় রাখলে বেশ মিতব্যয়ী বোলিং। সেই তুলনায় মেন্ডিসের ৬০ রান কিছুটা খরুচে। কিন্তু কোহলি-ধাওয়ানের উইকেটের বিনিময়ে কিছু বাড়তি রান তো দেওয়াই যায়!