ভিদাল 'বিক্রির জন্য নয়'

অ্যান্তোনিও কন্তের পদত্যাগে কি টনক নড়েছে জুভেন্টাস কর্মকর্তাদের? নাকি এটা নতুন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির নির্দেশনা। নতুন মৌসুমে দলের চিলিয়ান ফুটবলার আর্তুরো ভিদালকে কোনোভাবেই ছাড়ছে না ইতালীয় সিরি ‘আ’ বিজয়ী এই ক্লাব। স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে, ভিদালের যেখানেই প্রস্তাব থাক, যত বড়ই প্রস্তাব থাক, আপাতত তিনি বিক্রির জন্য নন।
প্রধান নির্বাহী গিউসেপ্পে মারোত্তার মাধ্যমেই এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় তুরিনের এই ক্লাব। সংবাদ সম্মেলন আয়োজন করে মারোত্তা জানিয়েছেন, ‘ভিদাল যেহেতু দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই তাঁকে ছেড়ে দেওয়া বা বিক্রি করার প্রশ্নই আসে না।’
বিশ্বকাপে চিলির হয়ে তারুণ খেলা এই ভিদালকে নিয়ে কানাঘুষা একটা ছিলই। কানাঘুষা বলাটা হয়তো ঠিক হলো না। মোটামুটি নির্ভরযোগ্য সংবাদই ছিল, নতুন মৌসুমে তিনি জুভেন্টাস ছাড়ছেন এবং যোগ দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য ভিদালকে দলে নেওয়ার চেষ্টা করার বিষয়টি কখনোই স্বীকার করেনি। তবে এটা ঠিক ইউনাইটেডের নতুন কোচ লুই ফন গাল সব সময়ই ভিদালের প্রতি দুর্বল। তিনি হয়তো চুক্তি সইয়ের সময়ই ভিদালকে দলে নেওয়ার চেষ্টা করতে ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন। ভিদাল অনেক আগে থেকেই ফন গালের খুব প্রিয় খেলোয়াড়। এর আগে একবার বায়ার্ন মিউনিখের কোচ থাকা অবস্থায় ভিদালকে সই করাতে চেয়েছিলেন এই ডাচ কোচ। মেইল অনলাইন।