ভিদালের চোখ অনেক দূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচেই স্পেনের বিশ্বকাপ-স্বপ্নে ছুরি বসিয়ে দিয়েছিল হল্যান্ড। দ্বিতীয় ম্যাচে চিলির আঘাতে সেটি একবারে ক্ষতবিক্ষত, রক্তাক্ত। ফুটবলবিশ্ব বিস্মিত। তবে চিলি-চমক এখানেই থেমে থাকবে না! লা-রোজাদের মাঝমাঠের প্রাণভোমরা আর্তুরো ভিদাল চোখ রাখছেন অনেক দূর। তাঁর কথা, ‘আমরা তারুণ্যনির্ভর একটি দল, জয়ের জন্য মুখিয়ে থাকি। বিশ্বকাপে আমরা অনেক দূর যেতে পারব এবং আমরাই হব এবারের চমক জাগানিয়া দল।’
চিলি এবার কঠিন গ্রুপেই পড়েছিল। স্পেন, হল্যান্ডের মতো দল যে গ্রুপে, িচলিতে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে পিছিয়েই রাখছিলেন অনেকে। কিন্তু সেই চিলি প্রথম দুই ম্যাচ জিতে উঠে গেছে শেষ ষোলোতে। পরশু সাও পাওলোতে হল্যান্ড-চিলি ম্যাচটি হবে গ্রুপে সেরার লড়াই। গ্রুপ রানার্সআপ হলে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের সামনে পড়ার সম্ভাবনা প্রবল। চ্যাম্পিয়ন হলে পাবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। হতে পারে মেক্সিকো। ব্রাজিলকে এড়াতে হল্যান্ড ম্যাচটাকে বাড়তি গুরুত্ব দিয়েই যে নেবে চিলি, তাতে সংশয় কমই।
ভিদালও সামনে তাকিয়ে আছেন। তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে প্রথম দুটি ম্যাচ জয়, ‘ব্যক্তিগতভাবে আমি খুব ভালো অনুভব করছি। স্পেনের সঙ্গেও ভালো খেলেছি। যেটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’ গোলডটকম।