টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশির হাতে অন্য দেশের পতাকা! এমন দৃশ্য দেখে যাঁরা আক্ষেপ করেন, তাঁদের জন্য তথ্য, এখন থেকে কোনো বাংলাদেশি অন্য দেশের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জাতীয় পতাকাসংক্রান্ত আইন মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এখন থেকে মাঠে প্রবেশ করার সময় অন্য দেশের পতাকা বহনকারীদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত করা হবে যে তাঁরা দেশের নাগরিক কি না।’ গ্যালারিতে বাংলাদেশিদের হাতে অন্য দেশের পতাকা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। তবে সেই বিতর্কের কারণে এ নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘বাংলাদেশি হয়েও আমরা অন্যান্য দেশের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করছি এবং জানতে পেরেছি যে আমরা পতাকা আইন মেনে চলছি না। নিজের দেশের ছাড়া অন্য সব দেশের পতাকা বহন করা বেআইনি।’ তবে অন্য দেশের নাগরিকেরা যে যাঁর দেশের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি।