ভিনদেশির বাংলাদেশ-প্রেম!

আমার পাসপোর্ট ও ই-ভিসা দুটোই তাঁর হাতে। খুব ভালো করে দেখেছেন বলে মনে হলো না। জিজ্ঞেস করলেন, ‘বাংলাদেশ থেকে এসেছ? কী কাজে?’
বললাম, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আছে, সেটা কাভার করব।’
কী বুঝলেন কে জানে, বললেন, ‘তুমি খেলোয়াড় ?’
‘আরে না, সাংবাদিক।’
‘ওহ, তাই! দুবাই টেস্টের খবর জানো?’
পরশু দুপুরে ঢাকা থেকে যখন এমিরেটসের উড়ানে চড়ি, দুবাইয়ে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দিবা-রাত্রির টেস্টের শেষ দিনের খেলা তখনো শুরু হয়নি। আগের দিন পর্যন্ত যে অবস্থায় ছিল, তাতে মনে হয়নি ওয়েস্ট ইন্ডিজের কোনো সুযোগ আছে। দুবাই নেমে তাই আর খুব একটা আগ্রহ বোধ করিনি স্কোর দেখার। সত্যি বলতে, ইমিগ্রেশন কর্মকর্তা এই ভদ্রলোকের প্রশ্নের পরই মনে পড়ল টেস্টটার কথা। বললাম, ‘পাকিস্তান জিতে গেছে, না ?’
‘আরে কী যে বলো, ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে। ব্রাভো যেভাবে ব্যাট করছে, দেখো না!’
ভদ্রলোকের সঙ্গে কথা বলতে বলতেই পকেট থেকে মুঠোফোন বের করে স্কোর দেখলাম। ড্যারেন ব্রাভো ৯০ ব্যাটিং, পাকিস্তানের দেওয়া ৩৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২১৬। টেস্টটা সত্যিই জমে উঠেছে। একটু আফসোসও হলো, এত কাছে এসেও মাঠে বসে দিন-রাতের এই টেস্টটা দেখতে পারছি না বলে।
বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠার সময় বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মো. আলম খানকে স্কোরটা বললাম। তিনিও একটু বিস্মিত, ‘তাই নাকি? তবে শেষ পর্যন্ত পারবে না। ব্রাভো আউট হলেই তো শেষ।’
হলোও তাই। হোটেলে চেক ইন করে রুমে এসে টিভি অন করেই দেখি ব্রাভো চলে গেছেন ১১৬ রানে। এর কিছুক্ষণ পর ওয়েস্ট ইন্ডিজও অল আউট হয়ে গেল ২৮৯ রানে। ডিনার টেবিলে ম্যাচটা নিয়ে বাংলাদেশ থেকে আসা আরেক সহকর্মীর সঙ্গে আলাপ করছি, দেখলাম পাশ একজন মুচকি হাসছেন। পরিচয়ের পর হাসির কারণটাও বোঝা গেল, ভদ্রলোক পাকিস্তানি। দল জিতেছে বলে খুশি। দুবাইতেই একটা কোম্পানির হয়ে কাজ করেন।
ক্রিকেট টুর্নামেন্ট কাভার করতে এসেছি শুনে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘এখানে আরও টুর্নামেন্ট চলছে নাকি?’
তাকেও আইসিসির ত্রিদেশীয় প্রতিবন্ধী টি-টোয়েন্টি টুর্নামেন্টের কথাটা বুঝিয়ে বলতে হলো। পাকিস্তানও খেলছে শুনে বললেন, ‘এখানেও জিতব আমরা, দেখো।’
সংযুক্ত আরব আমিরাত দল অবশ্য বিশ্বকাপসহ আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে। তবে দেখেশুনে যা মনে হলো, এ দেশের মানুষের ক্রিকেটপ্রেম মূলত পাকিস্তান আর কিছুটা ভারত দলকে ঘিরে। এই খেলাটা এ দেশে জনপ্রিয় করেছেনই এই দুটি দেশের মানুষেরা। অফিস, দোকান-পাট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রচুর মানুষ কাজ করেন। কেউ ইংরেজি না জানলেও সমস্যা নেই। এই তিন দেশের একটির ভাষাও দিয়েও দিব্যি কাজ চালিয়ে নেওয়া যায়।
রাতে হাঁটতে বেরিয়ে একটা রেস্টুরেন্টে কফি খেতে ঢুকলাম। সেখানকার ভারতীয় পরিচারক সুশীল শর্মা যেমন বাংলাদেশ থেকে এসেছি শুনে পরিষ্কার বাংলায় বললেন, ‘আমার অনেক বাংলাদেশি বন্ধু এখানে। আমি তো তোমাদের মোস্তাফিজ-সাকিব-মাশরাফিসহ আরও অনেকের নাম জানি।’
প্রতিবন্ধীদের এই টুর্নামেন্টে গত বছর ভারতও খেলেছিল, এই তথ্যটা তাকে দিলাম। এবার ভারত আসেনি শুনে একটু মন খারাপের মতো হলো সুশীলের। তারপরই আবার হাসিমুখে বললেন, ‘সমস্যা নেই, আমি তাহলে এখানে বাংলাদেশের সমর্থক। শুভ কামনা রইল।’
ভিনদেশে এই ভিনদেশি সমর্থকের ভালোবাসাই বা কম কীসে বাংলাদেশ দলের জন্য!