ভিন্ন কথা বলছেন শ্রীশান্তদের আইনজীবীরা
আইপিএলে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকারই করে নিয়েছেন শ্রীশান্ত ও অঙ্কিত চাভান। তবে তাঁদের আইনজীবীরা এখনো মেনে নিচ্ছেন না এই অভিযোগ। দিল্লি পুলিশ ভুলভাবে ভারতীয় এই তিন ক্রিকেটারকে স্পট ফিক্সিং অভিযোগের ফাঁদে ফেলেছে বলে মন্তব্য করেছেন তাঁদের আইনজীবীরা। কোনো রকম দুর্নীতির সঙ্গে এই তিন ক্রিকেটারের কোনো সম্পর্ক নেই বলে জোরালো বক্তব্য দিয়েছেন তাঁরা। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোরে শ্রীশান্ত, চান্ডিলা ও চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। ওই দিন দুপুরেই তিন ক্রিকেটারকে বহিষ্কার করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই অভিযোগ একেবারেই সত্য নয় বলে দাবি করেছেন শ্রীশান্তের আইনজীবী দীপক প্রকাশ। তিনি বলেছেন, ‘শ্রীশান্ত কখনোই কোনো জুয়াড়ির সঙ্গে কথা বলেনি। সে কখনো কারও কাছ থেকে কোনো টাকা নেয়নি এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততাও নেই। সে আমার কাছে সবকিছু বলেছে। সে পুরোপুরি নির্দোষ। কোনো জুয়াড়ি বা এই ঘটনার সঙ্গে জড়িত কারও সঙ্গেই তার কোনো ফোনালাপ হয়নি।’ স্পট ফিক্সিংয়ের অভিযোগে এখন দিল্লি পুলিশের হেফাজতে আছেন ভারতের জাতীয় দলের পেসার শ্রীশান্ত। তবে সেখানে তিনি পুরোপুরি ঠিকঠাক ও চাপমুক্ত আছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।একই রকম বক্তব্য এসেছে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত অন্য দুই ক্রিকেটার অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানের আইনজীবী রাজিব শঙ্কর দিবেদীর কাছ থেকে। তিনি বলেছেন, ‘এই স্পট ফিক্সিং বিতর্ক নিয়ে অজিত ও অঙ্কিতের কিছুই করার নেই। পুলিশ তাদের ফাঁদে ফেলার জন্য ভুলভাবে বেআইনি সব কর্মকাণ্ড চালাচ্ছে। পুলিশের কাছে কোনো প্রমাণ নেই তাদের বিরুদ্ধে। তাদের ভুলভাবে ফাঁদে ফেলা হয়েছে।’কিন্তু এই তিন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার পর্যাপ্ত তথ্য-প্রমাণ দিল্লি পুলিশের কাছে আছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। দিল্লি পুলিশের দাবি, ৫ মে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিং করেন পেসার শ্রীশান্ত। ‘রহস্য’ বোলার চান্ডিলা স্পট ফিক্সিংয়ের ফাঁদে পা দেন ৯ মে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। আর বাঁহাতি স্পিনার চাভান স্পট ফিক্সিং করেন গত পরশু মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে। পিটিআই।