ভিন্ন প্রতিদ্বন্দ্বিতা
দুজনই খেলা ছেড়েছেন অনেক দিন। কিন্তু প্রতিযোগিতামূলক মনোভাব এখনো বিন্দুমাত্র ছেড়ে যায়নি ডেভিড বেকহাম ও ইয়ান বোথামকে। ইংল্যান্ডের ক্রিকেট ও ফুটবলের দুই কিংবদন্তির এবারের প্রতিদ্বন্দ্বিতা অবশ্য একেবারেই ভিন্ন মাঠে—দেশের কূটনীতি। যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) থাকবে কি না, এ নিয়ে আজ ভোট হবে সে দেশে। কিছুদিন ধরেই এই নিয়ে চলছে বিতর্ক। বেকহাম ‘রিমেইন’ পক্ষের সমর্থক, বোথামের অবস্থান উল্টো—‘লিভ’ অংশে। বিতর্ক রাজনৈতিক হতে পারে, তবে বেকহামের যুক্তিতে ঠিকই থাকল ফুটবলের ছোঁয়া। ইংল্যান্ডে অন্য ইউরোপিয়ান দেশের মানুষের অবাধ প্রবেশাধিকার দরকার বোঝাতে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি বলেছেন, ‘ড্যানিশ গোলকিপার পিটার স্মাইকেল, আইরিশ মিডফিল্ডার রয় কিনের অধিনায়কত্ব আর ফ্রেঞ্চ স্ট্রাইকার এরিক ক্যান্টোনার দক্ষতার কারণেই তো আমরা এত ভালো দল হয়ে উঠেছিলাম।’ এএফপি।