ভিন্ন ভিন্ন অধিনায়কের পক্ষে সৌরভ
মহেন্দ্র সিং ধোনির এখন দুঃসময়। দল খারাপ করতে থাকায় প্রশ্ন উঠেছে তাঁর নেতৃত্বগুণ নিয়ে। রব উঠেছে এখনই কেড়ে নেওয়া হোক বিশ্বকাপজয়ী অধিনায়কের অধিনায়কত্ব। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনই প্রজামনোরঞ্জন করতে চাইছে না। অধিনায়ক হিসেবে বহাল রেখে দিয়েছে ধোনিকেই। ধোনির অধিনায়ক থাকা না-থাকা নিয়ে বিতর্কে এবার যোগ দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। সাবেক অধিনায়ক মনে করছেন তিন ধরনের ক্রিকেটেই ধোনির অধিনায়ক থাকা উচিত হবে না। তবে সৌরভ এটাও বলেছেন, এখনই ধোনিকে দল থেকে বাদ দেওয়া ঠিক হবে না, ‘আমি বলছি না তাকে সব ধরনের ক্রিকেট থেকে বাদ দিতে হবে। সেটা উচিতও হবে না, কারণ ভারতের ক্রিকেট একটা ক্রান্তিকাল অতিক্রম করছে ও নতুন একটি দল গড়ে উঠছে।’ধোনিকে কেন বেছে বেছে অধিনায়কত্ব করতে হবে সেটারও ব্যাখ্য দিয়েছেন সৌরভ, ‘ধোনির সঙ্গে বসে জিজ্ঞেস করতে হবে কোন ফরম্যাটে সে অধিনায়ক থাকতে চায়। ভারতীয় ক্রিকেটের জন্য সে অনেক করেছে। তবে এ মুহূর্তে, আমি ভয় পাচ্ছি এ রকম চলতে থাকলে খেলোয়াড় হিসেবে তাকে হারাতে যাচ্ছি আমরা।’সৌরভ কথা বলেছেন শচীন টেন্ডুলকারকে নিয়েও, ‘যে কেউই দেখতে পারছে, টেন্ডুলকার পারফর্ম করছে না। আমি যদি টেন্ডুলকার হতাম, হয়তো সরে দাঁড়াতাম। তবে এ মুহূর্তে ব্যাপারটা পুরোপুরিই তার হাতে।’ ওয়েবসাইট।