ভিন্ন ভূমিকায় সাকলায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই বোঝা যাচ্ছিল, শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না সাকলায়েন মুশতাক। কাল সেটি নিশ্চিত করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। কবে আসছেন, সেটিও নিশ্চিত নয়। কারণ, সাকলায়েনকে এখন ভিন্ন ভূমিকায় চান আকরাম। কাজে লাগাতে চান অন্যভাবে। সেটি নিয়ে কথাও বলেছেন সাকলায়েনের সঙ্গে। বোর্ড সভায় সবুজ সংকেত পেলেই আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে সাকলায়েনকে।
সাকলায়েনের সঙ্গে বিসিবির চুক্তি জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। বছরের ১০ দিন চুক্তির ৩০-৩৫ দিন কাজ করে ফেলেছেন সাকলায়েন। তবে দুই দিন আগে প্রথম আলোকে আকরাম খান বলেছিলেন, চুক্তির বাকি সময়টুকু সাকলায়েনকে অন্যভাবে কাজে লাগাতে চান তিনি। তা ছাড়া কোচিং স্টাফ খুব বেশি বাড়িয়ে জাতীয় দলকে ভারাক্রান্ত না করার একটা ভাবনাও আছে। নিজের সেই ভাবনা নিয়ে পরশু সাকলায়েনের সঙ্গে ফোনে কথাও হয়েছে আকরামের। সাবেক পাকিস্তানি স্পিনার ইতিবাচক সাড়া দিয়েছেন বলেই জানালেন আকরাম, ‘আমি ওকে বলেছি, সিরিজ বা টুর্নামেন্ট চলাকালে নিবিড়ভাবে কাজ করার সুযোগ নেই। রুটিন কাজই করতে হয়। সামনের কোনো ফাঁকা সময়ে তাই জাতীয় স্পিনারদের সঙ্গে দলের বাইরের ও উঠতি স্পিনার মিলিয়ে ২৫-৩০ জনকে নিয়ে ক্যাম্প করাতে চাই। ও বলেছে সমস্যা নেই, তোমরা প্রস্তাব পাঠাও।’
এখন বোর্ডের অনুমতি মিললেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সাকলায়েনকে। তাঁর সঙ্গে কথা বলেই ঠিক হবে ক্যাম্পের সময়। শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দল পাচ্ছে না ফিল্ডিং কোচ সোহেল ইসলামকেও। সোহেলের কোচিংয়ে নিউজিল্যান্ড সিরিজে দলের ফিল্ডিংয়ে উন্নতি ও ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তাঁকে পাঠানো হচ্ছে আরব আমিরাতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে। শ্রীলঙ্কা সিরিজে তাই স্থানীয় অন্য কোনো কোচকে দিয়ে কাজ চালানো হবে।