ভিবির জন্য সহানুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লদিও রানিয়েরি, হোসে মরিনহো, আভরাম গ্র্যান্ট, লুইস ফেলিপে স্কলারি, কার্লোস আনচেলত্তি ও আন্দ্রে ভিলাস-বোয়াস। শেষ নামটি দেখেই বুঝে ফেলার কথা, রোমান আব্রামোভিচ-যুগে এঁরা প্রত্যেকেই কোচ ছিলেন চেলসির। কিন্তু সবারই শেষটা হয়েছে তিক্ততায়। এটাই প্রমাণ করে, চেলসিতে কোচ হওয়া মানে নিজেকে উত্তপ্ত কড়াইয়ে ছেড়ে দেওয়া!আব্রামোভিচ ২০০৩ সালে ক্লাবের মালিকানা কেনার পর ভিলাস-বোয়াস ছিলেন চেলসির সপ্তম কোচ। তাঁকেও বরখাস্ত করে রুশ ধনকুবের নেমে পড়েছেন অষ্টম কোচের খোঁজে। শনিবার ওয়েস্টব্রমের কাছে হারের পর রোববারের অনুশীলনে আব্রামোভিচ নিজেই ভিলাস-বোয়াসকে (ভিবি) চলে যেতে বলেন! দায়িত্ব নেওয়ার নয় মাসের মাথাতেই বিদায়!চেলসির এই কোচ ‘ছাঁটাইয়ের’ খেলাটা কেউই ভালো চোখে দেখছে না। ইংলিশ লিগের ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রিচার্ড বেভান যেমন সমালোচনায় মুখর, ‘তাদের প্রচুর অর্থকড়ি থাকতে পারে; কিন্তু কীভাবে একটি সফল ফুটবল ক্লাব গড়ে তোলা হয়, সেটা তারা জানে না। নয় বছরের মধ্যে অষ্টম কোচ খুঁজছে—এটা ক্লাবের মালিক, ক্লাব, সমর্থক এবং লিগের জন্যই লজ্জা।’লিগে সর্বশেষ ১২ ম্যাচে জয় মাত্র তিনটিতে। জয়ের শতকরা হারে গ্লেন হডলের পর ভিলাস-বোয়াসই সবার নিচে। তবে বেভানের কথা, ‘এটাই হয়তো কারণ। কিন্তু মাত্র আট মাসেই আপনি সাফল্য পাবেন না। ক্লাব এখনো চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপে পরবর্তী ধাপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এবং লিগে লড়ছে শীর্ষ চারের জন্য। সাফল্য চাইলে আপনাকে অবশ্যই দীর্ঘ মেয়াদে ভাবতে হবে।’ পালমেইরাসের দায়িত্বে থাকা লুইস ফেলিপে স্কলারি চেলসিতে কাজ করার অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘ তার জায়গায় যে-ই আসুক তার জন্য কাজটা হবে নরকের মতো।’ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কথা, ‘ছেলেটি চাপে ছিল। কিন্তু এই কাজে আপনার সময় দরকার। পোর্তোতে রেকর্ডই তার সামর্থ্যের কথা বলে। কিন্তু চেলসি ছিল তার জন্য কঠিন পরীক্ষা।’অ্যাশলি কোল, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডদের মতো সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তরুণ পর্তুগিজ কোচের সম্পর্কের অবনতি হয়। ৩৩ বছর বয়সী কোচের বরখাস্ত হওয়ার পেছনে খারাপ পারফরম্যান্সের সঙ্গে এটাও হয়তো একটা কারণ।তবে ‘কোচ ছাঁটাই’য়ের খেলায় নেমে চেলসিকে প্রতিবারই খেসারত দিতে হচ্ছে বড় অঙ্কের টাকা। পোর্তোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভিলাস-বোয়াসকে কোচ করে নিয়ে আসে চেলসি। এ জন্য পর্তুগিজ ক্লাবটিকে বাড়তি দিতে হয়েছে এক কোটি ৩৩ লাখ পাউন্ড। মেয়াদ শেষের আগেই বরখাস্ত করে গুনতে হয়েছে বড় অঙ্কের টাকা।তাতে অবশ্য চেলসি বা আব্রামোভিচের কিছু যায়-আসে না! মৌসুমের বাকি সময়ের জন্য ভিলাস-বোয়াসেরই সহকারী রবার্তো ডি ম্যাত্তাওকে অন্তর্বর্তী কোচ করে চেলসি বরং নেমে পড়েছে নতুন কোচের সন্ধানে। গুঞ্জন আছে, সাবেক কোচ হোসে মরিনহোকে রিয়াল মাদ্রিদ থেকে টেনে আনার। এএফপি।