ভিভ আর কেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের কেউই বেশি রান করতে পারেননি, তবে দুজনেই ছুঁয়েছেন দুটি মাইলফলক। কাল ওয়ানডেতে দুই হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল, এক হাজার মুশফিকুর রহিম। তামিমের রান এখন ২০০২, মুশফিকের ১০০২। ৫৫ ইনিংসে হাজার রান স্পর্শ করলেন মুশফিক। বিশ্ব রেকর্ড তো বহুদূর, ধারেকাছে নেই তিনি বাংলাদেশের রেকর্ডেরও। ৩৭ ইনিংসে হাজার ছুঁয়েছিলেন তামিম, ৩৮ ইনিংসে সাকিব আল হাসান। ২১ ইনিংসে হাজার রানের বিশ্ব রেকর্ডটি দুই সময়ের দুই আনন্দদায়ী ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডস ও কেভিন পিটারসেনের। ১৯৮০ সালে রেকর্ডটি গড়েছিলেন ‘কিং’ ভিভ, ২৬ বছর পরে তা স্পর্শ করেন ‘কেপি’। ২৩ ইনিংসে এক হাজার রান করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন যে দুজন, তাঁদের একজনের নাম প্রত্যাশিতই—গর্ডন গ্রিনিজ। চমকে যাবেন আরেকজনের নাম জানলে, রায়ান টেন ডয়েচক্যাট। অবাক হতে পারেন নেদারল্যান্ডের এই অলরাউন্ডারের পরিসংখ্যান জানলে, ২৪ ওয়ানডেতে ৬৪.১২ গড়ে রান ১০২৬, উইকেট ৪৪টি।