ভিভা এসপানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিভা এসপানা ! ভিভা এসপানা !! ফুটবল বিশ্বে এ মুহূর্তে দুই শব্দের এই স্প্যানিশ বাক্যটি দারুণ জনপ্রিয়। আর হবেই-বা না কেন? সেভাবে কাল স্পেন ইউরোপ সেরা হলো, যে খেলা দেখিয়ে গত চার বছর ধরে বিশ্বের তাবত্ বড় বড় শিরোপা তারা নিজের করে ফেলেছে, তাতে প্রশংসাসূচক এ বাক্য মানুষের মুখে মুখে তো ফিরবেই।এ যুগের ফুটবলামোদীদের কাছে স্পেন চিরস্থায়ী আসনই পেয়ে গেছে। টানা দুটো ইউরো জয়, মাঝখানে বিশ্বকাপ—এমন রেকর্ড ইতিহাসে আর কোনো দলেরই নেই। এই দলের কৌশলকে যাঁরা ‘বিরক্তিকর’ বলে আখ্যা দিয়েছিলেন, তাঁদের পাত্তা না দিলেও চলে। সাফল্যের মহীসোপানে যে স্পেনের আশপাশে আর কেউই নেই। স্পেনের এই দলটিতে নির্দিষ্ট কোনো পারফরমার নেই। এই দলের শক্তি বলতে এটিই। এই দলে কোনো লিওনেল মেসি নেই, সেই ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এই দল প্রতিপক্ষকে ছত্রখান করে দিতে জানে। স্পেনের এই দলের সঙ্গে কেবল তুলনা চলে সত্তরের দশকের হল্যান্ডের। যারা টোটাল ফুটবল খেলে জয় করেছিল ফুটবলামোদীদের মন। কিন্তু ভিসেন্তে দেল বস্কের এই স্পেন যে খেলাটা খেলেছে, তা সেই টোটাল ফুটবলের চেয়েও ভিন্ন কিছু, বিশেষ কিছু। এই দলটির মূল শক্তি হলো, এটি সত্যিকারের একটি দল। এই দলে রয়েছে একঝাঁক ঈশ্বর-প্রদত্ত প্রতিভা। একঝাঁক সৃষ্টিশীল ফুটবলার। কোনো নির্দিষ্ট ‘লিওনেল মেসি’, ‘ক্রিস্টিয়ানো রোনালদো’ কিংবা ‘আন্দ্রেয়া পিরলো’র ওপর নির্ভরশীল নয় এই দলটি। যেদিন জাভি হার্নান্দেজ খারাপ খেলবেন, সেদিন সিলভা পুষিয়ে দেবেন। ইনিয়েস্তার বাজে দিনে পেদ্রো রদ্রিগুয়েজ জ্বলে উঠবেন। সেস ফ্যাব্রিগাস না থাকলে আছেন অন্য কেউ। একটু পেছনে সার্জিও র্যামোস, জাবি আলনসো কিংবা জেরার্ড পিকে তাঁদের শ্রমিকসুলভ পরিশ্রম দিয়ে সৃষ্টিশীলতার সঙ্গে মেশাবেন চেষ্টার কঠোরতা—এসব নিয়েই তো বর্তমানের স্পেন দল। স্পেনের এই দলটিকে যদি বর্তমান ফুটবলের ‘বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করা হয়, তাহলে কি খুব ভুল কিছু করা হবে! এই দলটি তো বর্তমান ফুটবলে প্রচলিত অনেক ধারণাই পাল্টে দিয়েছে। কোনো নির্দিষ্ট সেন্টার ফরোয়ার্ড না খেলিয়ে যে একের পর এক গোল করে সাফল্যের ঝুড়ি পরিপূর্ণ করা যায়, তা তো এই দলটিই ফুটবল বিশ্বকে দেখিয়েছে। ‘ফলস নাইনে’র ধারণা ভিসেন্তে দেল বস্কের আগে কোনো কোচ প্রয়োগ করে দেখাতে পেরেছেন? এটি কি বিপ্লব নয়? সত্তরের দশকে ইয়োহান ক্রুইফের ডাচ দলের ‘টোটাল ফুটবল’ যদি ফুটবলের নতুন দিক উন্মোচন হয়, তাহলে এই স্পেনের ‘টিকি-টাকা’ও নতুন কিছু। নিশ্চিত করেই অদূর ভবিষ্যতে অনেক দলই দেল বস্কের এই উদ্ভাবনের দ্বারস্থ হবে। ফুটবলে নোবেল পুরস্কার নেই। থাকলে সৌম্য চেহারার দেল বস্ক নিশ্চিত করেই তা হাতে তুলতেন।কাল সারাটা দিন কিয়েভ মুখরিত ছিল স্প্যানিশ ব্যান্ডের সুমধুর আওয়াজে। সেই ব্যান্ডের আওয়াজ কাল খেলা মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গেই কান ফাটিয়ে তুলেছিল ‘আজ্জুরি’দের। ১৩ মিনিটের মধ্যেই ইতালীয়রা বুঝতে পারল, টানা তৃতীয়বার বড় প্রতিযোগিতা জয়ের জন্য বেশ মরিয়া স্প্যানিয়ার্ডরা। আন্দ্রেয়া পিরলো যে মানের খেলোয়াড়, তাতে তিনি খুব সহজেই দেল বস্কের ‘টিকি-টাকা’ বাহিনীর সদস্য হয়ে যেতে পারেন। সেই পিরলোও কাল থাকলেন উত্তরহীন। পুরো সময়জুড়ে যেন তিনি খুঁজতে লাগলেন উত্তর। তাঁকে দেখাচ্ছিল, পরীক্ষার হলে সরল অঙ্ক পেঁচিয়ে ফেলা কোনো ছাত্রের মতো। পিরলোর পাশাপাশি ড্যানিয়েল ডি রসি, রিকার্ডো মনটোলিভো, ক্লাউডিও মারচিসিওর সমন্বয়ে গড়া ইতালীয় ‘ইঞ্জিন রুমের অবস্থা’ও হয়ে উঠল দিক-ভ্রান্ত। মোটকথা স্পেনের নতুন দিনের ফুটবলের সফলতম প্রয়োগে কাল দিশেহারা কাতানেচিওর উত্তরসূরিরা। অথচ এরাই দুই দিন আগে ‘জার্মান মেশিন’ বিকল করেই ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হয়েছিল।ইকার ক্যাসিয়াস ফুটবল ইতিহাসে স্পেনের মতোই চিরস্থায়ী স্থান করে নিয়েছেন। সাফল্য-অর্ঘ্যের দৃশ্যপটে আর কোন অধিনায়ক পরপর তিনবার নিজেকে এঁকেছেন? কোন অধিনায়ক পরপর দুবার ইউরো শিরোপার পাশাপাশি হাতে নিয়েছেন বিশ্বকাপের ট্রফি! যদি ক্যাসিয়াসকে ভাগ্যবান বলেন, তাহলে তাঁর প্রতি অবিচারই হয়ে যায়। কী খেলাটা তিনি খেলেছেন, সাধারণত খেলে থাকেন, যাঁরা ক্যাসিয়াসের বিপক্ষে লড়েছেন তাঁদের জিজ্ঞাসা করুন। নিশ্চিতভাবেই বিশ্বের শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবেই তাঁরা ক্যাসিয়াসের নাম উল্লেখ করবেন। স্পেনের এই দলটির অধিনায়ক ক্যাসিয়াসকেই মানায়।আর এমন একটি দলের মাথায় সাফল্যের মুকুট উঠবে—এটাই তো স্বাভাবিক।