ভিভের সঙ্গে চুকিয়ে ফেলেছেন রামদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন মুখে মৃদু হাসিও ছিল না। বরং ছিল ক্ষোভ আর ক্রোধ। সেদিন মানে গত ১০ জুন। ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনাটির জন্ম দিয়েছিলেন বার্মিংহামের মাঠে। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনের সিমিং উইকেটে করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। তবে ওই সেঞ্চুরিতে নয়, দিনেশ রামদিন সবাইকে হতবাক করে দিয়েছিলেন সেঞ্চুরি উদ্যাপনে। পকেট থেকে বের করে উঁচিয়ে ধরলেন এক টুকরো কাগজ, ‘ইয়া ভিভ, টক নাহ!’এর কদিন আগে রামদিনের ক্যারিয়ারের হতাশাজনক অধোগতি আর পড়তি ব্যাটিং ফর্ম নিয়ে মন্তব্য করেছিলেন ভিভ রিচার্ডস। সেঞ্চুরির পর সেটারই জবাব দিয়েছিলেন রামদিন। ভিভকে জবাব? ভিভ মানে ব্যাটিং-শৌর্যের প্রতীক, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, সাঈদ আনোয়াররা ব্যাটিংয়ের শেষ কথা বলে মানতেন ভিভকে। ভিভ কারও কাছে কখনো মাথা নত করেননি। বরং প্রতিপক্ষ মাথা নোয়াতে বাধ্য হতো তাঁর সামনে। ভয়ে খেই হারিয়ে ফেলতেন অনেক বোলার, কুঁকড়ে যেতেন কাছাকাছি থাকা ফিল্ডাররা। সেই ভয়ে মিশে থাকত শ্রদ্ধাও। ভিভ মানে ক্রিকেট-বিশ্বজুড়ে সর্বোচ্চ শ্রদ্ধার এক নাম। সেই ভিভকে কেউ এমন কিছু বলতে পারেন, সেটা আবার ক্যাবিরিয়ানের একজন, এমনটা তো ছিল ভাবনারও অতীত! ভুলটা বুঝতে খুব বেশি সময়ও লাগেনি রামদিনের। ওই দিন সংবাদ সম্মেলনেই অনুশোচনা করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন। কাল এজবাস্টনের ক্ষুব্ধ রামদিনকে মনে করে শেখ আবু নাসের স্টেডিয়ামে দাঁড়িয়ে খুব এক চোট হাসলেন ‘বিনয়ী’ রামদিন, ‘ওটা ছিল আসলে মুহূর্তের উত্তেজনা। আবেগের বশে হয়ে গিয়েছিল। তবে এখন আমাদের সম্পর্ক ভালো। তাঁর সঙ্গে আমার কথা হয়ছে। এখন সব ঠিকঠাক।’ ওই ঘটনা-পরবর্তী ভিভের জবাবটাও হয়েছিল ভিভের মতোই, ‘একসময় আমিই ওকে ভবিষ্যৎ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ভেবেছিলাম। কিন্তু ও পরে পথ হারিয়ে ফেলেছে। আত্মবিশ্বাস তলানিতে, আমি এটাই বলেছিলাম। সিরিজ হারার পর সেঞ্চুরি করে খুশি হওয়ার কোনো মানে হয় না। এটা যেন ফুটবল মাচে ৫-০-তে পিছিয়ে থাকার পর একটা সান্ত্বনার গোল করে খুশিতে লাফানো! তবে আমি খুশি যে আমার কথা ওকে এমন অনুপ্রাণিত করেছে যে সেঞ্চুরি করে ফেলেছে।’‘সব ঠিকঠাক’ হয়ে যাওয়ার পর সেই অনুপ্রেরণা জ্বালানি এখনো আছে কি না, বলা মুশকিল। তবে রামদিনকে কৃতিত্ব দিতেই হবে। মুহূর্তের উত্তেজনায় বাড়তি যে চাপটা নিজের ওপর নিয়ে ফেলেছিলেন, তাতে নুয়ে পড়েননি। বরং বাংলাদেশে এসেও করলেন দারুণ এক সেঞ্চুরি। পরিশ্রমের ফসল পেয়ে দারুণ তৃপ্ত রামদিন। তবে কার্লটন বাফ জুনিয়র, ডেভন টমাসদের ভিড়ে টেস্ট উইকেটকিপারের জায়গা এখনো পাকা ভাবছেন না, ‘দেশে আমি অনেক পরিশ্রম করছি, ব্যাটিং নিয়ে কাজ করেছি নেটে। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে দুটি ভালো ইনিংস খেলেছি (৫৯ ও ৫০*)। দেশে ফিরে আবার নেটে কাজ করেছি। সেটারই ফল পাচ্ছি। তবে এখনো মনে করি না জায়গা পাকা। উৎকর্ষের শেষ বলে কিছু নেই। আশা করি, এই টেস্টেও (খুলনা) আমি ভালো কিছু করতে পারব।’টেস্ট দলে স্যামির ডেপুটি, তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন। অবশ্য হতাশা থাকলেও মুষড়ে পড়ছেন না রামদিন, ‘দেশে ফিরে আরও পরিশ্রম করব। আশা করি, সুযোগ আসবে সামনে।’ভিভের ঘটনা তবে ভালোই শিক্ষা দিয়েছে রামদিনকে!