ভিলানোভাকে পেয়ে খুশি পুয়োলরা
শুরুতে পেপ গার্দিওলাকে নিয়েও সংশয় ছিল অনেকের। কারণ প্রায় শূন্য একটা কোচিং বায়োডাটা নিয়ে বার্সেলোনার কোচ হয়েছিলেন। টিটো ভিলানোভাকে নিয়েও প্রশ্ন অনেকের মনে। বার্সার সমর্থকদের একটা অংশ ভিলানোভার সামর্থ্য নিয়ে সন্দিহান। ভিলানোভা কি পারবেন?স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ভিলানোভাকে কোচের দায়িত্ব দিতে ক্লাব প্রেসিডেন্ট সান্দ্রো রসেলকে অনুরোধ করেছিলেন গার্দিওলা নিজেই। সংবাদ সম্মেলনেও নিজের প্রধান সহকারীর ব্যাপারে উচ্ছ্বসিত প্রংশসা করেছেন গার্দিওলা। ইয়োহান ক্রুইফে অনুপ্রাণিত হয়ে যে পাসিং ফুটবলের ধরন গড়ে তুলেছেন, এটির অর্ধেক কৃতিত্ব ভিলানোভাকেই দিয়ে দিয়েছেন গার্দিওলা। বার্সার অধিনায়ক কার্লোস পুয়োলও ভিলানোভাকে দিলেন আস্থা ভোট, ‘টিটো কোচ হতে যাচ্ছেন এটা আমাদের জন্য আসলেই একটা সুসংবাদ। তিনি আমাদের এই প্রকল্পের মধ্যেই আছেন। দলের সব খেলোয়াড়ের সমর্থনও আছে তাঁর পেছনে। আর যে কারও চেয়ে আমাদের দল এবং আমাদের খেলার দর্শনটা তিনিই সবচেয়ে ভালো বোঝেন।’ফুটবল কোচকেন্দ্রিক খেলা। ফলে এখানে অধিনায়কও কোচের আড়ালে থাকে। সহকারীরা তো অবশ্যই। তবে গার্দিওলা নিজেই স্বীকৃতি দিয়েছেন যে, বার্সার সাফল্যযাত্রার যৌথ অংশীদার ভিলানোভাও। তিনি শুধু মুখপাত্র হিসেবে সামনে ছিলেন। পুয়োলও বলছেন, ‘ফুটবল সম্পর্কে তাঁর বিশদ ধারণা। পেপের সঙ্গে কাঁধ মিলিয়েই তিনি কাজ করেছেন। এখন আমরা যা খেলছি, তাঁর অধীনেও কমবেশি একই রকম খেলব। আমাদের দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনিই সবচেয়ে যোগ্য।’তার মানে কিন্তু এমন নয়, গার্দিওলার শূন্যতা বার্সা অনুভবই করবে না। পুয়োল স্বীকার করছেন, মানিয়ে নিতে সময় লাগবেই, ‘তাঁর প্রতি আমরা সর্বান্তকরণে কৃতজ্ঞ। ফুটবলে তিনি ‘তাঁর আগে ও পরে’ এই দুটো অধ্যায়ে ভাগ করে ফেলেছেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আমাদের যা দিয়েছেন, তা কল্পনাতীত। জীবন অবশ্য থেমে থাকবে না। তবে তিনি যে পথের রেখা আমাদের জন্য রেখে গেলেন, সেই পথ ধরেই এগোতে হবে।’ গার্দিওলাকে আটকানোর সব রকম চেষ্টা খেলোয়াড় হিসেবে তাঁরা করেছিলেন। কিন্তু গার্দিওলা গত চার বছরে যে অন্তহীন চাপের মধ্যে ছিলেন, তা মেনে নিয়ে সবাই রাজি হয়েছে, সত্যিই এখন বিশ্রাম দরকার তাঁর। ‘ম্যানেজারের কাজ এমনিতেই কঠিন। তাঁর জন্য তো এটা ছিল আরও কঠিন। কারণ তিনি দিনের ২৪ ঘণ্টাই ফুটবল নিয়ে ভাবতেন’—বলেছেন পুয়োল।এদিকে বার্সার এক সময়ের প্রতিদ্বন্দ্বী, রিয়ালের প্রথম গ্যালাকটিকোসের অন্যতম নক্ষত্র ডেভিড বেকহামও শ্রদ্ধা জানিয়েছেন। গার্দিওলার প্রতিটি অর্জন তাঁর প্রাপ্য ছিল বলে মন্তব্য করেছেন এই ইংলিশ মিডফিল্ডার। ওয়েবসাইট।