ভিলানোভাকে 'বন্ধু' বললেন গার্দিওলা

নিউইয়র্কে ক্যানসার চিকিৎসা চলার সময় টিটো ভিলানোভাকে পেপ গার্দিওলার দেখতে যাওয়া না-যাওয়া নিয়ে বেশ ঠোকাঠুকি হয়েছে। বার্সার ইতিহাসে অন্যতম সফল কোচকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ভিলানোভা নিজেও। গার্দিওলা পাল্টা আক্রমণ করবেন, এমনটাই প্রত্যাশিত ছিল। তবে ক্যানসার চিকিৎসার কারণে ভিলানোভা গত পরশু বার্সার দায়িত্ব ছেড়ে দেওয়ায় পাল্টে গেছে দৃশ্যপট।
আগের তপ্ত বিতর্কে জল ঢেলে ভিলানোভাকে ‘বন্ধু’ হিসেবেই আখ্যায়িত করলেন গার্দিওলা, ‘সে আমার বন্ধু। আমি ওকে খুব ভালোবাসি।’ ক্যানসার আক্রান্ত বার্সার বিদায়ী কোচের প্রতি শুভকামনাও জানিয়েছেন বায়ার্ন মিউনিখের দায়িত্বে থাকা গার্দিওলা, ‘টিটোর মতো একজন বন্ধু সম্পর্কে বলা কঠিন। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সে ও তার পরিবার যেন শক্তি পায়, সেই প্রার্থনাই করছি। তার ক্যানসার আক্রান্তের খবর শোনাটা আমার জন্য ছিল সত্যি কঠিন।’
২০১২ সালে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ান গার্দিওলা। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আগে এক বছর তিনি ছুটি কাটান নিউইয়র্কে। সেখানেই ক্যানসারের চিকিৎসা করাতে গিয়েছিলেন তাঁর দীর্ঘদিনের সহকারী ও বার্সার বিদায়ী কোচ ভিলানোভা। একই শহরে থাকলেও চিকিৎসারত ভিলানোভাকে গার্দিওলা দেখতে যাননি বলে অভিযোগ করেছিলেন বার্সা সভাপতি স্যান্দ্রো রাসেল। সেই অভিযোগ অস্বীকার করে গার্দিওলা জানিয়েছিলেন, ভিলানোভার অসুস্থতা কাজে লাগিয়ে তাঁকে (গার্দিওলা) গণমাধ্যমের কাছে হেয় করার চেষ্টা করছেন রাসেল। বার্সার শীর্ষস্থানীয় কর্মকর্তারা তাঁকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। গার্দিওলা-রাসেল বিতর্কে যোগ দেন ভিলানোভাও। বার্সার কর্মকর্তারা তাঁর অসুস্থতা কাজে লাগানোর চেষ্টা করছেন না জানিয়ে বলেন, ‘আমি নিউইয়র্কে যাওয়ার পর সে আমাকে একবার দেখতে এসেছিল। কিন্তু অস্ত্রোপচারের পর সেরে ওঠার সময় দুই মাস ছিলাম ওখানে। ওই দুই মাসে সে আমাকে দেখতে আসেনি। সে আমার বন্ধু। তাকে আমার দরকারও ছিল, কিন্তু সে আসেনি। আমি হলে ব্যাপারটা হয়তো অন্য রকম হতো। এটা নিয়ে আর কিছু বলব না।’ সূত্র: মার্কা।