ভিলানোভার আদ্যোপান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসিদের ‘বিদায়’ বলে দিয়েছেন পেপ গার্দিওলা। নিজেদের ইতিহাসে সেরা এই কোচের উত্তরসূরি নির্বাচন করতে এতটুকু সময় নেয়নি স্প্যানিশ জায়ান্ট বার্সা। গতকাল গার্দিওলাকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে টিটো ভিলানোভাকে নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে ক্লাবটি। কিন্তু কে এই ভিলানোভা?ভিলানোভা বার্সার জন্য নতুন কোনো মুখ নয়। ২০০৭ সালে গার্দিওলার সহকারী হিসেবে বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্ব নিয়েছিলেন। গার্দিওলার সেই সহকারীই বার্সার নতুন কোচ। চলতি মৌসুম শেষে মেসি-জাভি-ইনিয়েস্তাদের মতো বিশ্ব সেরা ফুটবলারদের দেখাশোনার গুরু দায়িত্ব ৪২ বছর বয়সী ভিলানোভার কাঁধে।ভিলানোভার জন্ম ১৯৬৯ সালের ১৭ সেপ্টেম্বর, স্পেনে। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন মিডফিল্ডার। তবে ফুটবলার ভিলানোভার ক্যারিয়ার বর্ণাঢ্য নয়, একেবারেই সাদামাটা। স্পেনের জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি। খেলেননি নামী-দামি কোনো ক্লাবেও।ভিলানোভার খেলা সীমাবদ্ধ ছিল কেবল ক্লাব পর্যায়ে। বার্সেলোনা যুব একাডেমি দিয়ে ফুটবল জীবনের শুরু। খেলেছেন বার্সেলোনা ‘বি’ দলে। কিন্তু মূল দলে জায়গা না পাওয়ায় ১৯৯০ সালে লা লিগা জায়ান্ট ছেড়ে যান তিনি। এরপর বিভিন্ন সময় স্পেনের বেশ কয়েকটি অখ্যাত ক্লাবের হয়ে খেলেন ভিলানোভা।সফল কোচ হতে হলে নামী-দামি খেলোয়াড় হতে হবে, এমন কথা অবশ্য নেই। গার্দিওলা নিজেই এর প্রমাণ। বার্সার ইতিহাসে সফলতম এই কোচ ফুটবলার হিসেবে যথেষ্ট সফল ছিলেন না। সাবেক এই মিডফিল্ডার স্পেন জাতীয় দলের হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। গোল করেন মাত্র পাঁচটি। ফুটবলার গার্দিওলারও ক্লাব জীবন শুরু হয়েছিল বার্সেলোনা ‘বি’ দল দিয়ে।বার্সায় গার্দিওলার শুরুটা ছিল বিস্ময়কর। সবাইকে চমকে দিয়ে ফ্রাঙ্ক রাইকার্ডের জায়গায় বার্সার কোচ হিসেবে ‘অখ্যাত’ গার্দিওলার নাম ঘোষণা করেন তত্কালীন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তে। গত চার বছরে একের পর এক সাফল্য এনে দিয়ে গার্দিওলা চমকে দিয়েছেন ফুটবল বিশ্বকে। চার মৌসুমে বার্সাকে এনে দিয়েছেন ১৩টি শিরোপা। তাঁর অধীনেই ২০০৯ সালে এক বছরে ছয়টি ক্লাব টুর্নামেন্টের সব কটি জেতার বিরল রেকর্ড গড়ে বার্সা। গার্দিওলার এই সফলতার ধারাবাহিকতা ভিলানোভা কতটা ধরে রাখতে পারেন, এটাই এখন দেখার বিষয়। সূত্র: উইকিপিডিয়া