ভিলানোভার আশাবাদ
ইউরোপীয় ফুটবলের গত মৌসুম খুব একটা ভালো কাটেনি বার্সেলোনার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারাতে হয়েছে লা লিগার শিরোপা। সেমিফাইনাল পর্যন্ত গিয়েও অধরা থেকে গেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সেই সঙ্গে বিদায় নিয়েছেন ক্লাবটির অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা। তবে এবারের মৌসুমে আবার নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন কোচ টিটো ভিলানোভা। আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মৌসুম শুরু করবে কাতালানরা।বড় কোনো শিরোপা জয়ের স্বাদ না পেলেও গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বার্সেলোনার ফুটবলাররা। দলগতভাবে তাঁরা গড়েছেন এক মৌসুমে সর্বোচ্চ ১১৪টি গোল করার নতুন রেকর্ড। সেই সঙ্গে লিওনেল মেসি ছুঁয়েছেন স্প্যানিশ লিগের এক মৌসুমে সর্বোচ্চ ৫০ গোলের। সব মিলিয়ে অনেকেই বার্সেলোনাকে সর্বকালের অন্যতম সেরা দলের আসনেই বসিয়েছিলেন। কিন্তু এবার গার্দিওলার অনুপস্থিতিতে কাতালানরা এই দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে কি না, তা নিয়ে কিছুটা সংশয়েই আছেন বার্সা-সমর্থকেরা। কিন্তু এখন এসব কিছুই ভাবছেন না টিটো ভিলানোভা। মৌসুম শুরুর আগে দলের শক্তি-সামর্থ্য নিয়ে খুবই আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলেছেন বার্সেলোনার নতুন কোচ। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সবগুলো ম্যাচ জেতারই আশা করছি। এবারের মৌসুমে এটাই আমার প্রত্যাশা। আর সবগুলো ম্যাচ জেতার মতো সামর্থ্য আমাদের দলের আছে।’নতুন মৌসুমের শুরুটা অবশ্য বেশ ভালোমতোই করতে যাচ্ছে বার্সেলোনা। বার্সার মাঝমাঠে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবারই বার্সেলোনায় যোগ দেওয়া আর্সেনালের সাবেক মিডফিল্ডার অ্যালেক্স সং। সেই সঙ্গে ইনজুরি কাটিয়ে আবার মাঠে ফিরতে যাচ্ছেন আলেক্সিস সানচেজ, কার্লোস পুয়োল ও ডেভিড ভিয়া।