ভিলানোভার কাঠগড়ায় গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোই জমে উঠেছে কথার বাহাস। কদিন আগেই পেপ গার্দিওলা অভিযোগ করেছিলেন, বার্সেলোনার শীর্ষ কর্তারা তাঁকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। বার্সার সভাপতি সান্দ্রো রোসেল অভিযোগটা অমূলক বলেই উড়িয়ে দিয়েছিলেন। মনে হচ্ছিল, ব্যাপারটা এখানেই চুকেবুকে যাবে। কিন্তু বার্সা কোচ টিটো ভিলানোভার সাম্প্রতিক মন্তব্যের পর বিতর্ক নতুন করে উসকে উঠবে বলেই মনে হচ্ছে।গার্দিওলা ক্ষোভ জানিয়েই বলেছিলেন, বার্সার শীর্ষ কর্তারা নাকি ভিলানোভার অসুস্থতাকে তাঁর বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করেছেন। বলেছিলেন, নিউইয়র্কে চিকিৎসাধীন সহকর্মীকে দেখতে না যাওয়ার খবরটাও ডাহা মিথ্যা। কিন্তু দুই দিন আগে সংবাদ সম্মেলনে ভিলানোভা যা বললেন, তাতে গার্দিওলার কথার সত্যতা এখন প্রশ্নের মুখে। স্বাভাবিকভাবেই বার্সেলোনার পক্ষে কথা বলেছেন ভিলানোভা, ‘মানুষজন ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামায় না। তবে পেপের কথাটাও ভুল। আমি তার মন্তব্যে বিস্মিত। বোর্ডের কেউ আমার অসুস্থতাকে তাকে আঘাত করার জন্য ব্যবহার করেনি। ক্লাব আমাকে যদ্দুর সম্ভব সাহায্যের চেষ্টা করেছে।’তবে গার্দিওলাকে নিয়ে যে তাঁর মনে কষ্ট জমে আছে, সেটিও প্রকাশ পেয়েছে পরের কথায়, ‘আমি নিউইয়র্কে আসার পর সে আমাকে একবার দেখতে এসেছিল বটে, কিন্তু অস্ত্রোপচারের পর সেরে ওঠার সময় দুই মাস ছিলাম সেখানে। সেই দুই মাসে ও আমাকে দেখতে আসেনি। সে আমার বন্ধু। তাকে আমার দরকারও ছিল, কিন্তু সে আসেনি। আমি হলে ব্যাপারটা হয়তো অন্য রকম হতো। এটা নিয়ে আর কিছু বলব না।’ ওয়েবসাইট।