ভিলানোভার পাশে সবাই
‘টিটো, তোমার এই লড়াইয়ে আমরা সবাই তোমার পাশে আছি। পাশে আছে ফুটবলের শক্তি, আছে মানুষ। এই ম্যাচে তুমি কোনোক্রমেই হারবে না।’অনেকেই শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। এর মধ্যে এই বার্তাটাই অন্য রকম আবেগ ছড়ায়। এতে প্রেরণা আছে। ফুটবলের শাশ্বত শক্তির কথা আছে। বার্তাটা রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াসের। ভিলানোভা এমন এক যুদ্ধে নেমেছেন, যেখানে দলীয় সংকীর্ণতা আর দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিতার আগুন জ্বলে না। শুধু ক্যাসিয়াস নন, পুরো রিয়াল শিবির ভিলানোভার পক্ষে। ভিলানোভা যে ক্যানসার নামের এক প্রাণঘাতী শত্রুর মুখোমুখি।এরিক আবিদাল ক্যানসার জয় করে আবার খেলতে পারবেন, এই আনন্দসংবাদের পরদিনই বার্সেলোনা শুনল দুঃসংবাদ। স্প্যানিশ লিগের ইতিহাসেই সেরা শুরু এনে দেওয়া ভিলানোভাকে নামতে হচ্ছে আরেক লড়াইয়ে। এক বছর আগে অস্ত্রোপচার করা হলেও ক্যানসার থেকে পুরো মুক্তি মেলেনি। মুখের লালাগ্রন্থিতে বাসা বেঁধেছে এই রোগ। আবারও অস্ত্রোপচার জরুরি ছিল। গতকাল সফলভাবেই হয়েছে সেই অস্ত্রোপচার। এখন নিতে হবে কেমো বা রেডিওথেরাপি। কমপক্ষে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এ সময়টায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভিলানোভার সহকারী জর্ডি রুরা।জরুরি পরিস্থিতিতে আবারও দলের ভার নিতে পেপ গার্দিওলা আসছেন বলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেটি নাকচ করে দিয়েছেন বার্সার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতা, ‘টিটোই আমাদের কোচ, কোচ হিসেবেই সে দায়িত্ব পালন করে যাবে। ভ্যালাদোলিদের বিপক্ষে ডাগ-আউটে থাকবে রুরা, কিন্তু কোচ টিটোই।’ নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এবং চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থাকা বার্সার জন্য এই খবর কত বড় আঘাত হয়ে আসে সেটাই এখন দেখার। বার্সা প্রেসিডেন্ট স্যান্দ্রো রসেল অবশ্য দাবি করছেন, এই সময় দলের জয়-পরাজয় তাদের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার, ‘এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টিটোর পূর্ণ সুস্থতা।’রিয়াল সবার আগে সমবেদনা জানিয়েছে ভিলানোভাকে। দ্রুত আরোগ্য কামনাও করেছে। ভিলানোভাকে শুভকামনা জানিয়েছেন রাফায়েল বেনিতেজ, গ্যারি লিনেকাররা। খেলোয়াড়দের মধ্যে আছেন ডেভিড সিলভা। টেনিস তারকা রাফায়েল নাদাল টুইট করেছেন। রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস লিখেছেন, ‘টিটো এবং তার স্বজনদের অনেক সাহস দিই। আমরা সবাই একটা ফুটবল পরিবার।’৪৪ বছর বয়সী ভিলানোভাও দ্রুত ফিরে আশার ব্যাপারে আশাবাদী, ‘আমি খুব বেশি দিন দূরে থাকব না। শিগগিরই ফিরে আসব।’ এএফপি, রয়টার্স।