ভিলানোভার মৃত্যুতে স্তব্ধ ফুটবল বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিটো ভিলানোভা
টিটো ভিলানোভা

ক্যানসারের সঙ্গে লড়াইটা অনেক দিন ধরেই করছিলেন টিটো ভিলানোভা। কিন্তু গতকাল তাঁর মৃত্যুর সংবাদটা এসেছে খুব আকস্মিকভাবেই। মাত্র ৪৫ বছর বয়সেই এই পৃথিবীর মায়া কাটালের বার্সেলোনার সাবেক এই কোচ। ভিলানোভার চির প্রস্থানে শোকাতুর হয়ে উঠেছে গোটা কাতালানিয়া। শোকের ছায়া নেমেছে পুরো ফুটবল বিশ্বেই।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দুর্দান্ত চারটি মৌসুম কাটিয়েছিল বার্সেলোনা। পুরোটা সময়ই প্রধান কোচ পেপ গার্দিওলার নির্ভরযোগ্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন ভিলানোভা। গার্দিওলা-ভিলানোভার তত্ত্বাবধানে বার্সেলোনা যেন হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। চার বছরের মধ্যে সম্ভাব্য ১৯টি শিরোপার মধ্যে ১৪টি শিরোপাই জিতেছিল কাতালানরা। ২০১২ সালে গার্দিওলার বিদায়ের পর মূল কোচের দায়িত্ব নিয়েও সমর্থকদের হতাশ করেননি ভিলানোভা। বরং এমন এক কীর্তি গড়েছিলেন যা সম্ভব হয়নি গার্দিওলা যুগেও। ২০১২-১৩ মৌসুমে ১০০ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছিল বার্সা। লা লিগার প্রথম ১৯টি ম্যাচের মধ্যে জয় পেয়েছিল ১৮টিতেই। এটাই বার্সেলোনার সবচেয়ে ভালো শুরুর রেকর্ড। এই কীর্তি দিয়েই বার্সেলোনার ইতিহাসে অমর হয়ে থাকবেন ভিলানোভা। বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ যেমনটি বলেছেন, ‘তিনি বার্সেলোনার জন্য অমর হয়ে থাকবেন। আমাদের আপনি যা শিখিয়েছেন, সে জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ওপর শান্তি বর্ষিত হোক।’

প্রিয় কোচের মৃত্যু সংবাদ শুনে প্রতিক্রিয়া জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা, ‘আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি সব সময়ই আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবেন। আপনার জীবনের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি আপনাকে কখনোই ভুলব না।’

বার্সার মাঝ মাঠের আরেক প্রধান সেনানী সেস ফেব্রিগাসও শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ভিলানোভাকে। তিনি বলেছেন, ‘টিটো, ফুটবল আর বার্সেলোনাকে আপনি যা দিয়েছেন সে জন্য অসংখ্য ধন্যবাদ। বার্সেলোনার সমর্থকেরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমার মাত্র ১৪ বছর বয়সেই আপনার সংস্পর্শে এসেছিলাম। আর আমি শুধু এটাই বলতে পারি যে আপনার মতো মানুষ খুব কমই আছে। আমাকে গড়ে তোলার পেছনে আপনি সেভাবে সাহায্য করেছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন সে জন্য অসংখ্য ধন্যবাদ।’

বার্সেলোনার প্রাণভোমড়া লিওনেল মেসিও আবেগঘন বার্তা পাঠিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রিয় কোচকে। তবে ভিলানোভার মৃত্যুর সংবাদ হয়তো আরও গভীরভাবে ছুঁয়ে গেছে বার্সেলেনার সাবেক ডিফেন্ডার এরিক আবিদালকে। ফরাসি এই ফুটবলারও যে লড়ছেন ঘাতক ব্যাধি ক্যানসারের সঙ্গে। আবিদাল বলেছেন, ‘আপনি আমার ভাবনায় সব সময়ই থাকবেন। আমরা দুজনে একসঙ্গে অনেক কিছু মোকাবিলা করেছি। আপনার পরিবারের প্রতি ভালোবাসা ও সমবেদনা জানাই।’

‘শত্রু শিবির’ থেকেও শ্রদ্ধায় ভেসেছেন ভিলানোভা। ২০১১ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় যে হোসে মরিনহো ভিলানোভার চোখে খোঁচা দিয়েছিলেন, তিনিও স্মরণ করেছেন বার্সার সাবেক এই কোচকে, ‘ভিলানোভার মুত্য ফুটবলের জন্য, বার্সেলোনার জন্য আর তাঁর পরিবার-বন্ধুদের জন্য খুবই বেদনাদায়ক ঘটনা। চেলসি ফুটবল ক্লাবের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।’ বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরাও ভিলানোভার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন সার্জিও রামোস, ইকার ক্যাসিয়াসরা। গোল ডটকম