ভিলানোভাহীন বার্সার নতুন পথচলা
ভ্যালাদোলিদের বিপক্ষে লা লিগায় আজ শনিবার রাতে অনুষ্ঠেয় ম্যাচটা বার্সার জন্য চ্যালেঞ্জের। কারণ, এই ম্যাচের মধ্য দিয়েই কোচ ভিলানোভাহীন পথচলা শুরু হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের।মুখের লালাগ্রন্থিতে আবারও ক্যানসার-কোষ ধরা পড়ায় গত পরশু বার্সেলোনার একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় ভিলানোভার। কাল শুক্রবার তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে বের করা হয়েছে। হাসপাতালে তাঁকে থাকতে হবে আরও দিন চারেক। তবে এখনই বার্সেলোনার কোচের দায়িত্বে তিনি ফিরতে পারছেন না। আরও ছয় সপ্তাহ চলবে তাঁর রেডিও ও কেমোথেরাপি। এদিকে, ভ্যালাদোলিদের বিপক্ষে আদ্রিয়ানো ও সংকে পাচ্ছে না বার্সেলোনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছোটখাটো চোটে ভুগে লা লিগার ম্যাচটি মিস করছেন এই দুই ফুটবলার।গতকাল শুক্রবার এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, ব্রাজিলীয় ফুটবলার আদ্রিয়ানো ঊরুতে চোট পেয়েছেন। আর ক্যামেরুনের জাতীয় দলের খেলোয়াড় সংয়ের বাঁ হাঁটুতে ব্যথা। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভ্যালাদোলিদের বিপক্ষে মাঠে নামানো হবে না আদ্রিয়ানো ও সংকে।ভিলানোভাহীন ম্যাচে খেলোয়াড়দের মনের অবস্থা কেমন থাকবে তা প্রকাশ পেয়েছে বার্সা সভাপতি স্যান্দ্রো রসেলের কথায়, ‘আমরা যতটা সম্ভব স্বাভাবিক থেকে খেলার চেষ্টা করব। তবে পুরো স্বাভাবিকতা হয়তো থাকবে না। কারণ, টিটো আমাদের কোচ এবং কয়েক সপ্তাহ তিনি আমাদের সঙ্গে থাকবেন না।’ বার্সা সভাপতি বলেন, ‘টিটো খুব শক্তিশালী। আমার বিশ্বাস, দ্রুতই ফিরে আসবেন তিনি।’শোনা যাচ্ছিল, জরুরি পরিস্থিতে আবারও দলের ভার নিচ্ছেন পেপ গার্দিওলা। তবে গত পরশু সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে বার্সার ক্রীড়াপরিচালক আন্দোনি জুবিজারেতা জানিয়েছেন, এ সময়ে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভিলানোভার সহকারী জর্ডি রুরা।এবারের লা লিগায় প্রথম ১৬ ম্যাচে অপরাজিত বার্সা, যা লিগের ইতিহাসেই সেরা সূচনা। ভিলানোভার গড়া এই রেকর্ড জর্ডি রুরা কত দূর এগিয়ে নিতে পারেন, এটাই এখন দেখার অপেক্ষা।