ভিলারের আজ ভিয়া-পরীক্ষা
আক্ষেপ ঘোচানের কত উদাহরণই তো দেখেছেন বা শুনেছেন। জাস্তো ভিলারের মতো করে পেরেছেন কয়জন? ২০০২ বিশ্বকাপটা কেটেছে বেঞ্চে বসে, কারণ প্যারাগুয়ের গোলবার সামলেছিলেন তখন হোসে লুই চিলাভার্ট নামের একজন অতিমানব। পরের বিশ্বকাপে মাঠে নামার স্বপ্নপূরণ হলো, তবে মাত্রই সাত মিনিটের জন্য। প্রথম ম্যাচের সাত মিনিটের সময় এমন এক ইনজুরিতে পড়লেন যে বিশ্বকাপটাই শেষ হয়ে গেল। এবার আর কোনো ঝামেলা নেই। বিশ্বকাপ খেলার সাধ তাই এমনভাবে পূরণ করলেন যে কপাল পুড়ল প্রতিপক্ষের। ৩২৭ মিনিট! হ্যাঁ, ৫ ঘণ্টা ২৭ মিনিট ধরে প্যারাগুয়ের জাল অক্ষত রেখেছেন ভিলার। প্রথম ম্যাচের ৬৩ মিনিটে সেই যে গোল করেছিলেন ইতালির ড্যানিয়েল ডি রসি, এরপর প্যারাগুয়ের জালে বল ঢোকেনি একটিও। পুরো টুর্নামেন্টে মোটে ৩ গোল করেও যে প্যারাগুয়ে আজ শেষ আটে, এর কারণ তো এই গোল না খাওয়াই। তবে আক্ষরিক অর্থেই ভিলারের আজ বড় এক পরীক্ষা। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড ও আক্রমণভাগের বিপক্ষে আজ গোলবার সামলাতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে সতীর্থদের সামনে। এই দলটার অধিনায়কও যে তিনি! একটা ইতিবাচক দিক অবশ্য আছে, স্প্যানিশ লিগে খেলার সুবাদে স্পেনের ফুটবলকে খুব ভালোভাবেই চেনেন ভিলার।ডেভিড ভিয়া যদি আগের ম্যাচগুলোর মতো খেলতে পারেন, তাহলে অবশ্য এই চেনা-জানা খুব একটা কাজে দেবে না। চারটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন, এই বিশ্বকাপের ভিয়াকে বোঝাতে স্রেফ এতটুকুই যথেষ্ট নয়। সবগুলো গোলই ছিল অসাধারণ। শুধু গোল করাই নয়, বল পেলেই ভয়ংকর হয়ে উঠছেন, প্রতিপক্ষের জমাট রক্ষণভাগকেও তাঁর সামনে মনে হয়েছে নড়বড়ে। শুধু ভিলার নয়, প্যারাগুয়ের পুরো ডিফেন্সেরই চূড়ান্ত পরীক্ষা নেবেন আজ ভিয়া।