ভিলাস-বোয়াসকে বরখাস্তই করল চেলসি
চেলসির কোচের চাকরিটাই দুনিয়ার সবচেয়ে কঠিন চাকরিগুলোর একটি—এই উপলব্ধি হওয়ার পরও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন আন্দ্রে ভিলাস-বোয়াস। তবে এই কঠিন কাজটা থেকে মুক্তি পেয়েই গেছেন এই পর্তুগিজ কোচ। আজ রোববার তাঁকে আনুষ্ঠানিকভাবে চেলসির কোচের পদ থেকে বরখাস্তের ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ এই ক্লাবটি।২০০৩ সালে চেলসির মালিকানা কেনার পর সপ্তমবারের মতো কোচ বদলের সিদ্ধান্ত নিলেন ক্লাবটির রুশ মালিক রোমান আব্রামোভিচ।গতকাল প্রিমিয়ার লিগের নিচের সারির দল ওয়েস্ট ব্রোমউইচের বিপক্ষে ১-০ গোলে হারের পর পরই ভিলাস-বোয়াসকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় চেলসি। আজ ক্লাবটির ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, ‘দুঃখজনকভাবে দলের ফলাফল ও পারফরমেন্স মোটেও সন্তোষজনক নয় এবং এই মৌসুমের গুরুত্বপূর্ণ সময়েও উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চেলসি এখনো উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপের প্রতিযোগিতায় লড়বে। সেই সঙ্গে প্রিমিয়ার লিগে প্রথম চারের মধ্যে থাকার চেষ্টাও চলবে। এই পরিস্থিতিতে একটা পরিবর্তন আনাই আমাদের কাছে একমাত্র পথ বলে মনে হয়েছে।’পরবর্তী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রবার্তো ডি মাট্টেও। রয়টার্স।