ভিলাস-বোয়াসের দ্রগবা সঞ্জীবনী
‘নতুন মরিনহো’ বলা হলেও মরিনহোর সঙ্গে তাঁর চরিত্রে অমিলই বেশি। সবচেয়ে বড় অমিলটা আবেগের প্রকাশে। মরিনহো যেখানে আবেগ লুকিয়ে রাখতে জানেন না, আন্দ্রে ভিলাস-বোয়াস সেখানে অনেকটাই সংযত। তার পরও পরশু খানিকক্ষণের জন্য তিনি মরিনহো হয়ে গেলেন। ম্যাচ শেষে আবেগে জড়িয়ে ধরলেন খেলোয়াড়দের। একটু বাড়তি উষ্ণতার আলিঙ্গন পেলেন দিদিয়ের দ্রগবা। চেলসির এই আইভরিয়ান স্টাইকারই যে ভিলাস-বোয়াসের বুক থেকে নামিয়ে দিয়েছেন পাথরবোঝা।শুধু বোঝা? চাকরিটাও কি বাঁচিয়ে দিলেন না? ২০০৩ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় কাঁপছিল চেলসি। প্রতিপক্ষ ছিল ভ্যালেন্সিয়ার মতো উজ্জীবিত দল। নিজেদের মাঠে সেই ভ্যালেন্সিয়াকে ৩ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠল চেলসি। আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল ৯ দল—আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এসি মিলান, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, বেনফিকা, বায়ার লেভারকুসেন ও অ্যাপোয়েল নিকোশিয়া। পরশু চেলসির সঙ্গে নকআউট পর্বে গেল অলিম্পিক মার্শেই ও জেনিত সেন্ট পিটার্সবার্গও। নিজেদের মাঠে জেনিতের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ভিলাস-বোয়াসের গত মৌসুমের দল, ২০০৪ চ্যাম্পিয়ন পোর্তো। গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমবারের মতো নকআউট পর্বের স্বাদ পাচ্ছে জেনিত। নকআউট পর্বের শেষ চারটি দল নির্ধারিত হয়েছে গতকাল রাতের খেলাগুলোয়।চেলসি-ভ্যালেন্সিয়া—সুযোগ ছিল দুই দলেরই। চেলসির মাঠে শুরুতে গোল আনতে পারলে স্বাগতিকেরা চাপে পড়ে যাবে, এ-ই ছিল ভ্যালেন্সিয়া কোচের হিসাব। কিন্তু উল্টো ৩ মিনিটের মধ্যেই চেলসিকে এগিয়ে দেন দ্রগবা। বয়সে ভিলাস বোয়াসের পাঁচ মাসের ছোট ৩৩ বছর বয়সী স্ট্রাইকার নিজের দ্বিতীয় গোলটি করেছেন ৭৬ মিনিটে। এর মধ্যে ২২ মিনিটে গোল করেন রামিরেস।স্টামফোর্ড ব্রিজে কোনো নাটকই হয়নি, যেটা হয়েছে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে। ৩২ মিনিটেই ০-২ গোলে পিছিয়ে পড়ায় আশা খুন হতে দেখেছিল মার্শেইয়ের সমর্থকেরা। কিন্তু ভস্ম থেকে জেগে ওঠে ফরাসি ক্লাবটি। প্রথমার্ধের শেষ প্রান্তে এক গোল শোধের পর ৮৫ আর ৮৭ মিনিটে দুটি গোল তাদের তুলে দেয় পরের রাউন্ডে।পরশু রাতের সবচেয়ে বড় জয়টি পেয়েছে কিন্তু চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার এল ক্লাসিকো মাথায় রেখে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রামে রেখেছিলেন পেপ গার্দিওলা। তার পরও পেদ্রোর জোড়া গোলে বরিসভকে উড়িয়ে দিয়েছে বার্সা। নিশ্চিত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। দুই ব্রাজিলিয়ান পাতো-রবিনহোর গোলের পরও পুঁচকে প্লজেনের সঙ্গে ২-২ ড্র করে গ্রুপ রানার্সআপ হয়েছে এসি মিলান।বার্সার জয়টি কোচ গার্দিওলার ১৫০তম জয়, সেটিও মাত্র ২০৮তম ম্যাচে। বার্সা এই ম্যাচ দিয়ে একটি রেকর্ডও ছুঁয়েছে। গ্রুপ পর্বে এবার ২০ গোল করেছে গার্দিওলার দল, ১৯৯৮-৯৯ মৌসুমে যেটি করেছিল ম্যানইউ। এএফপি, রয়টার্স। এক নজরে চেলসি ৩ : ০ ভ্যালেন্সিয়া গেঙ্ক ১ : ১ বায়ার লেভারকুসেন ডর্টমুন্ড ২ : ৩ মার্শেই অলিম্পিয়াকস ৩ : ১ আর্সেনাল নিকোশিয়া ০ : ২ শাখতার পোর্তো ০ : ০ জেনিত বার্সেলোনা ৪ : ০ বাতে বরিসভ ভিক্টোরিয়া প্লজেন ২ : ২ এসি মিলান