ভিলাস-বোয়াসের প্রতিশোধ মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নেওয়ার নয় মাসের মাথায় স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ছুড়ে ফেলা হয়েছিল আন্দ্রে ভিলাস-বোয়াসকে। তাঁর তখনকার সহকারী রবার্তো ডি মাত্তেওই সংকটাপন্ন চেলসির হাল ধরে গড়ে ফেলেছেন ইতিহাস। চ্যাম্পিয়নস লিগ জিতে নিজের চাকরিটাও পাকাপোক্ত করেছেন। আর নিয়তির কী নির্মম পরিহাস, চেলসি চ্যাম্পিয়নস লিগ জেতাতেই চ্যাম্পিয়নস লিগে খেলা হলো না টটেনহামের। এফএ কাপ সেমিফাইনালেও আবার চেলসির কাছে হেরেই বিদায় নিতে হয় স্পারদের। এখন ছক বদলে গেছে। এভিবি এখন টটেনহামের কোচ, আর ডি মাত্তেও আছেন চেলসিতেই। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ দল দুটি মুখোমুখি, মুখোমুখি এই দুই কোচও। বরখাস্ত হওয়ার পর এই প্রথম স্ট্যামফোর্ড ব্রিজে ফিরবেন ভিলাস-বোয়াস। কিছু হিসাব চুকিয়ে ফেলার সুযোগ আজ তাঁর সামনে। নিশ্চয়ই চেলসি কর্তৃপক্ষকে উপেক্ষা ও বঞ্চনার জবাব দিতে চাইবেন প্রথম সুযোগেই।টটেনহাম আজ জিতলে দুই দলের ব্যবধান কমে দাঁড়াবে দুইয়ে। তবে ম্যাচটাকে নাকি ব্যক্তিগত কোনো ইচ্ছার প্রতিফলন ঘটানোর উপলক্ষ হিসেবে নিচ্ছেন না ভিলাস-বোয়াস, ‘সবকিছুর শেষে একটা ব্যাপার পরিষ্কার করে দেওয়া দরকার, এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়। তবে এটাই সেই দল যারা আমাদের চ্যাম্পিয়নস লিগ খেলতে দেয়নি, এই দলটাই আমাদের গত বছর এফএ কাপের ফাইনালে উঠতে দেয়নি। সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত ম্যাচ হতে যাওয়ার সব রকম উপাদানই আছে এটার মধ্যে।’ এই বক্তব্যে কী বোঝা গেল, এভিবির কথায় তো সেই প্রতিশোধস্পৃহাই!চেলসির জন্য আরেকটা ধাক্কা, এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তাদের অধিনায়ক জন টেরির চার ম্যাচের নিষেধাজ্ঞা। এটিকে অবশ্য খুব বেশি বড় করে দেখতে রাজি নন এভিবি।চেলসি-টটেনহামের দিনে আজ মাঠে নামছে অন্য বড় দলগুলোও। নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি স্টোক। ইউনাইটেডের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি খেলবে ওয়েস্ট ব্রমের মাঠে। নিজেদের হারিয়ে খোঁজা লিভারপুলের প্রতিপক্ষ রিডিং, আর আর্সেনাল খেলবে নরউইচের সঙ্গে। এএফপি, রয়টার্স।