ইউরোপের বড় ক্লাবগুলোর প্রায় সব কটাই মাঠে নেমেছিল আগের দিন। রোববারটা তাই একটু নিস্তরঙ্গ ছিল ইউরোপিয়ান ফুটবলে। ইতালির সিরি ‘আ’তে মাঠে নেমেছিল ইন্টার মিলান ও জুভেন্টাস। অঘটন ঘটেনি, জয় পেয়েছে দুটি দলই। জেনোয়ার মাঠে শুরুতেই পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। তবে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে জেনোয়াকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয় তুরিনের ওল্ড লেডিদের একটা গর্বের রেকর্ড আরও উন্নত হলো, ৪২ ম্যাচে তারা অপরাজিত! পয়েন্ট তালিকায়ও এখন সবার ওপরে, এই সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগে চেলসির সঙ্গে ম্যাচ। এই দুরূহ পরীক্ষার আগে অন্তর্বর্তীকালীন কোচ মাসিমো কারারের আত্মবিশ্বাস এখন নিশ্চিতভাবেই অনেকটা তুঙ্গে। জয় পেয়েছে ইন্টার মিলানও, ১৩ মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতোর গোলে এগিয়ে যায় ইন্টার। এরপর আন্তোনিও কাসানোর গোলে তুরিনোকে সহজেই হারায় তারা।ইংলিশ প্রিমিয়ার লিগের একটাই ম্যাচ ছিল পরশু। প্রথম তিন ম্যাচ জয়হীন থাকার পর খানিকটা উদ্বিগ্ন ছিলেন নিশ্চয়ই টটেনহামের কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস। এই ম্যাচটা তাঁকে দিয়েছে দারুণ স্বস্তি। রিডিংয়ের বিপক্ষে ৩-১ গোলের জয়টা যে টটেনহামের পক্ষে ভিলাস-বোয়াসেরই প্রথম। জার্মেইন ডিফোর ২ গোলের সঙ্গে গ্যারেথ বেলের ১ গোলে সহজ জয় পায় স্পাররা। গত মৌসুমের চেলসি-প্রত্যাখ্যাত কোচের আনন্দ তাই বোঝাই যায়, ‘আমি দলের পারফরম্যান্সে খুবই খুশি। খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিজ্ঞা, দায়িত্ববোধ ও মনোযোগ।’লা লিগায় গোলের তুবড়ি ছুটিয়েই চলেছেন রাদামেল ফ্যালকাও। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রায়ো ভায়োকানোকে ৪-৩ গোলে হারিয়েছে তাঁর দল অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যে একটি গোল আছে কলম্বিয়ান স্ট্রাইকারেরও। এএফপি।