ভিসে-ঝড়ে ঐতিহাসিক জয় নামিবিয়ার

বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে নামিবিয়াছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালে সর্বশেষ আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে খেলেছিল নামিবিয়া। সে বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে আফ্রিকান দেশটি হেরেছিল প্রতিটি ম্যাচেই। ১৮ বছর পর আবারও বিশ্বমঞ্চে এসে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ৯৬ রানে গুটিয়ে গিয়ে বড়সড় ধাক্কাই খেয়েছিল নামিবিয়া। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াল দারুণভাবে। ডেভিড ভিসের ৪০ বলে অপরাজিত ৬৬ রানের ঝোড়ো ইনিংসে নেদারল্যান্ডসের ১৬৪ রান টপকে গেছে নামিবিয়া, পেয়েছে বিশ্বকাপে প্রথম জয়। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে নেদারল্যান্ডস চলে গেছে খাদের কিনারে।

১৬৪ রান তাড়ায় ভিসে যখন নামেন, ৫২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে নামিবিয়া। তখনো প্রয়োজন ৭০ বলে ১১৩ রান। মুখোমুখি প্রথম ৪ বলে ভিসে রান করতে পারেননি কোনো। তবে দশম ওভারের প্রথম বলে রোলেফ ফন ডার মারওয়েকে ক্রিজে ভিসের সঙ্গী অধিনায়ক গেরহার্ড এরাসমাস মারলেন ছয়, ভিসে একটু পরই অনুসরণ করলেন তাঁকে। ভিসে সে-ই যে ঝড় শুরু করলেন, থামলেন না। এরাসমাসের সঙ্গে তাঁর জুটিতে উঠল ৫১ বলে ৯৩ রান। এরাসমাস ২২ বলে ৩২ রান করে ফিরলেও ভিসে মাঠ ছেড়েছেন নামিবিয়ার ঐতিহাসিক জয় নিশ্চিত করেই।

৪০ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন ডেভিড ভিসে
ছবি: এএফপি

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস তুলেছিল ৪ উইকেটে ১৬৪ রান। ওপেনার ম্যাক্স ও’ডাউড করেছেন বিশ্বকাপে টানা দ্বিতীয় ফিফটি। স্টিভেন মাইবুর্গের সঙ্গে ও’ডাউডের ওপেনিং জুটিতে ওঠে ৪২ রান, পাওয়ার প্লেতে নেদারল্যান্ডস তোলে ৪৫ রান। এরপর ফন ডার মারওয়ে দ্রুত ফিরলেও কলিন অ্যাকারম্যানের সঙ্গে ও’ডাউডের তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৬২ বলে ৮২ রান। ৩২ বলে ৩৫ রান করে ফেরেন অ্যাকারম্যান।

তবে ও’ডাউড টিকে ছিলেন শেষ ওভার পর্যন্ত, ৩ বল বাকি থাকতে তিনি আউট হন ৫৬ বলে ৭০ রান করে, ইনিংসে মারেন ৬টি চারের সঙ্গে ১টি ছয়। অবশ্য নেদারল্যান্ডসকে নিয়ে শেষ দিকে একটা লাফ দিয়েছেন স্কট এডওয়ার্ডস, ১১ বলে ২১ রানের ক্যামিওতে। যদিও নেদারল্যান্ডস গিয়ার বদলাতে সময় একটু বেশিই নিয়ে ফেলেছে। নামিবিয়া অধিনায়ক এরাসমাস এদিন কাজ সেরেছেন পাঁচজন বোলার দিয়েই। ৩৬ রানে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল ইয়ান ফ্রাইলিঙ্ক। ভিসে ১ উইকেট নিয়েছেন ৪ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে।

টানা দ্বিতীয় ফিফটি করেছেন ম্যাক্স ও'ডাউড
ছবি: এএফপি

রান তাড়ায় নামিবিয়ার শুরুটা হয় ধীরগতির। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই ফেরেন বোল্ড হয়ে। স্টিভেন বার্ড করেছেন ২০ বলে ১৯ রান, জেন গ্রিন ১২ বলে ১৫, ক্রেইগ উইলিয়ামস করেছেন ১৩ বলে ১১ রান। এরপরই ভিসে ও এরাসমাসের সে জুটি। এরাসমাসের উইকেটের পর ১১ বল কোনো বাউন্ডারি না এলেও জেজে স্মিট সে খরা কাটান। লোগান ফন বিককে টানা দুই চার মেরে বিশ্বকাপে নামিবিয়ার প্রথম জয় নিশ্চিত করেন তিনিই।