ভিয়া! ভিয়া!!
শেষ বাঁশি বাজার পর স্প্যানিশদের সবচেয়ে বড় উদ্যাপনটা হলো মাঠের বাইরে। জয়ের নায়কই যে তখন ওখানে! ৮৭ মিনিটে মাঠ ছেড়ে আসা ভিয়াকে অনেকক্ষণ ধরে জড়িয়ে উল্লাস করলেন ডাগআউটে থাকা ফুটবলাররা। আরও একবার ভিয়ার ভেলায় ভেসেছে স্পেন। দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দেওয়ার পর উৎসবের মধ্যমণি তো তাঁরই হওয়ার কথা।একের পর এক আক্রমণেও যখন গোল হচ্ছিল না, তখন আরও একবার দলের ত্রাণকর্তা হয়ে এলেন ভিয়া। এ নিয়ে এবারের বিশ্বকাপে স্পেনের পাঁচ গোলের চারটিই এল তাঁর পা থেকে। ভিয়া অবশ্য এগিয়ে রাখছেন পরশুর গোলটিকেই। শুধু দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দেওয়া গোল বলেই নয়, পর্তুগালের দুর্ভেদ্য রক্ষণ ভাগকে হার মানাতে পেরেও, ‘পর্তুগালের ডিফেন্স দুর্দান্ত খেলেছে, বিশেষ করে, কিপার ছিল অসাধারণ ফর্মে। ওরা আমাদের কাজটা ভীষণ কঠিন করে তুলেছিল, শেষ পর্যন্ত আমি একটা গোল করতে পেরেছি এবং ভাগ্য ভালো যে সেটাই ছিল যথেষ্ট।’ শুধু পরশুই নয়, পুরো বিশ্বকাপেই দুর্দান্ত ছিল পর্তুগিজ ডিফেন্স। ভিয়াই প্রথম বল পাঠাতে পারলেন পর্তুগালের জালে।যে ডিফেন্সকে হারাতে পেরেছেন বলে ভিয়ার এত স্বস্তি, সেই ডিফেন্সের সবচেয়ে বড় তারকা রিকার্ডো কারভালহোর কণ্ঠে আবার ভিয়ার গোলটি নিয়ে ছিল অসহায়ত্ব, ‘পুরো দল হিসেবেই আমরা দারুণ খেলেছি। কিন্তু ভিয়ার গোল করা থামাতে আমাদের খুব বেশি কিছু করার ছিল না।’ পরশু দুর্দান্ত খেলা আরেক ডিফেন্ডার ফাবিও কোয়েত্রাও অভিভূত ভিয়ার গোল দেখে, ‘স্পেন সত্যিই ভালো খেলেছে, বিশেষ করে, সামনে। ভিয়া একটি বিস্ময়কর গোল করেছে, যেমন গোল ওদের প্রয়োজন ছিল। ও যা করেছে, তা শুধু একজন গ্রেট স্ট্রাইকারই করতে পারে।’সুইজারল্যান্ডের কাছে হারের পরও সমর্থন দিয়ে যাওয়ায় সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন ভিয়া। আর জানিয়ে দিয়েছেন টুর্নামেন্টে নিজের লক্ষ্য, ‘আমার লক্ষ্য এভাবেই গোল করে যাওয়া ও দলকে জয় এনে দেওয়া। বিশেষ করে এ ধরনের বড় ম্যাচে, যাতে আমরা টুর্নামেন্টটা জিততে পারি।’ ওয়েবসাইট।