ভিয়া ফিরেছেন, শোয়েইনি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন নিশ্চিতই তাঁর বুকের মধ্যে ব্যথার ক্ষরণ হয়েছে! সেই গত বছরের ডিসেম্বরে বাঁ পায়ের হাড় ভেঙে চলে গিয়েছিলেন মাঠের বাইরে। এরপর দীর্ঘ আট মাস পর আবার লাল-সোনালি জার্সি গায়ে চড়াবেন বার্সেলোনা স্ট্রাইকার ডেভিড ভিয়া। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক ডেকেছেন তাঁর আস্থাভাজন শিষ্যকে। স্পেনের ইতিহাসেরই সর্বোচ্চ গোলদাতা ভিয়া, তাই চোট কাটিয়ে দলে ফেরাটা ছিল একরকম অনুমিতই। ৭ সেপ্টেম্বর সৌদি আরবের বিপক্ষে আছে প্রীতি ম্যাচ, আর তার চার দিন পর জর্জিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযাত্রা শুরু করবে লা ফুরিয়া রোজারা।জোয়াকিম লো-ও বিশ্বকাপ বাছাইপর্বের জন্য জার্মানি দলের নাম ঘোষণা করেছেন। তবে দলে নেই জার্মান মিডফিল্ডের প্রাণভোমরা বাস্তিয়ান শোয়েনস্টাইগার। বাদ পড়েননি, বরং চোট কাটিয়ে ওঠার জন্য তাঁকে বিশ্রাম দিয়েছেন জোয়াকিম লো। লো জানিয়েছেন শোয়েইনির সঙ্গে কথা হয়েছে তাঁর, ম্যাচ ফিটনেস পেতে আরও কিছুটা সময় দরকার শোয়েইনির। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে আয়ারল্যান্ড ও সুইডেনের বিপক্ষে ম্যাচেই নামতে পারেন তিনি। জার্মানিও তাদের অভিযান শুরু করবে ৭ সেপ্টেম্বরে, প্রতিপক্ষ দুর্বল ফারো আইল্যান্ড। চার দিন পর তারা ভিয়েনায় খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। ওদিকে গত বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ড দলে ডাক পাননি অভিজ্ঞ ফন ডার ভার্ট ও নাইজেল ডি ইয়ং। ৭ সেপ্টেম্বর আমস্টারডামে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে হল্যান্ডের ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্ব। রয়টার্স।