ভিয়া ভিড়লেন বার্সাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চিরপ্রতিদ্বন্দ্বী’ রিয়াল মাদ্রিদের বিপক্ষে আরও একটি জয় পেল বার্সেলোনা। গত মৌসুম থেকেই ভ্যালেন্সিয়া স্ট্রাইকার ডেভিড ভিয়াকে বার্নাব্যুতে টেনে আনতে জাল ফেলে রাখা রিয়ালকে টপকে শেষ পর্যন্ত ‘জিতে’ গেল বার্সাই। এই মুহূর্তের অন্যতম সেরা স্ট্রাইকারকে ৪ কোটি ইউরো খরচ করে কিনে নিল স্প্যানিশ লিগের চ্যাম্পিয়নরা। রুটিনমাফিক স্বাস্থ্যপরীক্ষা শেষে আগামীকাল আনুষ্ঠানিকভাবে বার্সার মেরুন-বেগুনি ডোরাকাটা জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হবেন এই ২৮ বছর বয়সী।স্পোর্টিং গিজনের আবিষ্কার ভিয়া ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত খেলেছেন রিয়াল জারাগোজায়। ১ কোটি ২০ লাখ ইউরোতে যোগ দেন ভ্যালেন্সিয়ায়। গত পাঁচ বছর ক্লাবটির সমার্থক হয়ে ছিলেন। ভ্যালেন্সিয়ায় ২১২ ম্যাচে করেছেন ১২৯ গোল। ২০০০-০১-এর পর থেকে প্রতি মৌসুমেই কমপক্ষে ২০টি করে গোল করা ভিয়া গত মৌসুমেও স্প্যানিশ লিগে করেছিলেন ২৮টি গোল। ২০০৮ সালে ইউরোর সর্বোচ্চ গোলদাতাকে কেনার জন্য তাই মুখিয়ে ছিল মাদ্রিদ। কিন্তু ভ্যালেন্সিয়া কিছুতেই বিক্রি করতে রাজি হচ্ছিল না এই মৌসুমেও মেসি, হিগুয়েইন, রোনালদোর পর চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হওয়া ভিয়াকে।অবশেষে ক্লাবের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে ভিয়াকে বিক্রি করতে রাজি হয় ভ্যালেন্সিয়া। তবে ভিয়ার ব্যক্তিগত পছন্দের কারণে রিয়ালের বদলে চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গেই চুক্তি সারে ক্লাবটি। চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, চুক্তিটা আপাতত চার বছরের জন্য। ওয়েবসাইট।