ভিয়াকে নিয়ে দুশ্চিন্তায় বার্সা-স্পেন
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব শুরু হয়ে যাচ্ছে। স্প্যানিশ কাপেরও নকআউট পর্ব চলছে। স্প্যানিশ লিগেও এখন ছুটতে হবে দুরন্ত গতিতে। এই সময় বড় একটা ধাক্কাই খেল বার্সেলোনা। দলের মূল স্ট্রাইকারদের একজন ডেভিড ভিয়া কমপক্ষে পাঁচ মাসের জন্য ছিটকে গেলেন মাঠের বাইরে। অর্থাৎ, মে মাসের আগে আর ফেরা হচ্ছে না তাঁর। মে মাসেই শেষ হয়ে যাবে ক্লাব মৌসুম। ভিয়াকে এই মৌসুমে আর পাচ্ছে না বার্সা।তবে জাতীয় দলের সর্বোচ্চ গোলের মালিককে আগামী ইউরো চ্যাম্পিয়নশিপে পেতে পারে স্পেন। পোল্যান্ড-ইউক্রেনে ইউরো হবে জুন-জুলাইতে। তত দিনে নিশ্চয়ই ফিরবেন। তবে এত দিন মাঠের বাইরে থাকার ফলে পুরো ছন্দে ফিরতে ভিয়ার নিশ্চয়ই সময় লাগবে বেশ কিছুদিন। বার্সেলোনার পাশাপাশি ভিয়ার এই চোট স্পেনের জন্যও দুঃসংবাদ।ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে এসে লাভের চেয়ে ক্ষতিটা কম হলো না বার্সার। পরশু সেমিফাইনালে আল সাদের বক্সে এক ডিফেন্ডার পা মুড়িয়ে দেন ভিয়ার। স্ট্রেচারে করে মাঠছাড়া ভিয়াকে দ্রুত ইয়োকোহামার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিশ্চিত হয়, ভিয়ার পা ভেঙেছে। বার্সেলোনায় ফিরে যাওয়া ভিয়ার অস্ত্রোপচার হবে শিগগিরই।ভিয়াকে হারিয়ে ফেলায় পুরো দলই মুষড়ে পড়েছে বলে জানিয়েছেন বার্সা কোচ পেপ গার্দিওলা, ‘ভিয়া ড্রেসিংরুমে খুবই জনপ্রিয় চরিত্র। ও নিজেও খুবই আবেগময়। স্বাভাবিকভাবেই খেলোয়াড়েরা হতাশ। ওকে হারিয়ে ফেলে সবাই খুব কষ্ট পাচ্ছে। সবাই ব্যথিত। ওর অভাববোধও করছে। সবাই ওর ব্যথাটাও অনুভব করছে।’মৌসুমের এই ব্যস্ত সূচি সামনে রেখে বার্সা ভিয়ার অভাব কীভাবে পূরণ করে, সেটাই দেখার। গার্দিওলার সামনে অবশ্য একটা সুযোগ থাকছে জানুয়ারির শীতকালীন দলবদলে একজন স্ট্রাইকারকে নিয়ে আসার। প্রসঙ্গটা উঠতেই সেটি অবশ্য এড়িয়ে গেছেন কোচ। হয়তো দলে যারা আছে, তাদের নিয়েই ভাবছেন গার্দিওলা।এমনিতেই বার্সার হয়ে লিগে মাত্র ৫ গোল করেছেন ১৫ ম্যাচে। গত এল ক্লাসিকোতেও তাঁর বদলে অ্যালেক্সিস সানচেজকে প্রথম একাদশে রেখেছেন গার্দিওলা। সমস্যা হলো, অন্য স্ট্রাইকার পেদ্রো লিগে ১১ ম্যাচে করেছেন মাত্র ১ গোল। ভিয়ার শূন্যতা তাই ভালোই পোড়াবে বার্সাকে।হয়তো মে মাসের শেষের দিকে ফিরবেন, তার পরও কম উদ্বিগ্ন থাকবেন না স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইউরোর মতো বড় একটা টুর্নামেন্টের জন্য নিজেকে ভিয়া প্রস্তুত করতে পারবেন কি না, এটাও একটা প্রশ্ন। অবশ্য জাতীয় দলের হয়ে ৮২ ম্যাচে ৫১ গোল করা ভিয়াকে দলে রাখার পক্ষেই দেল বস্ক। এখন তাঁর আশা, অনুমিত সময়ের চেয়েও যেন দ্রুত সেরে ওঠেন এই ৩০ বছর বয়সী। এএফপি, রয়টার্স।