ভিয়ার ভেলায় ভাসছে স্পেন
তাঁর প্রিয় রং কী? জানা যায়নি। হয়তো গাঢ় লাল জার্সির রংটাই। তাঁর প্রিয় ফুল কী? স্পেন দলটির নামই যেহেতু লা ফুরিয়া রোজা (গোলাপ), গোলাপই হয়তো বা।তবে প্রিয় সংখ্যা ৭। তাঁর জার্সিতে ‘নাম্বার সেভেন’ আঁকা এমনিতেই নয়।পাঁচটা বছর এই ৭ নম্বর জার্সি পরেই ভ্যালেন্সিয়ায় খেলেছেন ডেভিড ভিয়া সানচেজ। আঠারো শ দিনের মায়া কাটিয়ে এই তো সেদিন, ২৯ মে ভ্যালেন্সিয়া থেকে চলে এলেন বার্সেলোনায়। দুই দিন পর ন্যু ক্যাম্পে এলেন। প্রায় ৩৫ হাজার সমর্থকের সামনে ভিয়া পেলেন ৭ নম্বর জার্সি। এটি হিমঘরে পড়ে ছিল ২০০৯ সালে গুডিয়েনসেনের বিদায়ের পর থেকেই। এই জার্সি আবার উষ্ণতা ছড়াবে তাঁর গায়ে। বার্সেলোনার কাছে না চাইতেই পেয়ে গেছেন প্রিয় জার্সিটা।তবে লা ফুরিয়া রোজার হয়ে এই জার্সি গায়ে চাপিয়ে কম কথা শুনতে হয়নি। রাউলের জার্সিটা তিনি কেড়ে নিয়েছেন, রাউলকে দিয়েছেন বিদায় করে...গোলাপের সুবাস নিতে গিয়ে সয়েছেন কাঁটার আঘাত। যন্ত্রণাবিদ্ধ ভিয়াকে একসময় মুখ খুলতেই হয়েছে, ‘আমি কারও কাছ থেকে কিছু কেড়ে নিইনি!’দলের অন্যের কাছ থেকে কিছু কাড়েননি ঠিক আছে, কিন্তু প্রতিপক্ষের স্বপ্নই এখন কেড়ে নিতে শুরু করেছেন ভিয়া। পরশু যেমন কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়াম থেকে স্বপ্ন কেড়ে নিলেন পর্তুগালের, সঙ্গে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্নও। নিপুণ শিকারির মতো ৬৩ মিনিটে একমাত্র গোলটি করে পর্তুগালের বুকে বিঁধিয়ে দিলেন তীর।সেই রাতে প্রিটোরিয়ার লফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামের মিক্সড জোনে দাঁড়িয়ে ভিয়া যা বলেছিলেন, ওটা আসলে একজন নিপুণ শিকারির বিনয়। শিকারটাকে যদি গাঁথতে না পারেন, তাহলে একটা সান্ত্বনার জায়গা অন্তত তৈরি রাখা গেল, ‘যদি জিততে না পারি...গোল করে আর কী হবে!’স্পেন জিতেছে, তিনিই জয়ের নায়ক। দুটি বিশ্বকাপ পরে আবার শেষ আটে স্পেন। এই স্পেনকে এখন আর চাপের কাছে ভেঙে পড়া, পাল্টা-আক্রমণের মুখে পলাতক দল মনে হচ্ছে না। এরা যেন সেই ২০০৮ ইউরো-জয়ী জাদুকরদের দল। যারা মাঠের মধ্যে ফুল দিয়ে আঁকে জ্যামিতিক নকশা। যারা চাইলে এক-দুবার বল দেয় প্রতিপক্ষের পায়ে। যেখানে রোনালদোর দল ভীষণ কাঙাল, একটা প্রতি-আক্রমণ গড়ার সুযোগ চেয়ে।ভিয়ার পাশে, ভিয়ার দলের পাশে মঙ্গলবার রাতে পর্তুগাল আসলেই ছিল নতজানু। আর রোনালদো একেবারেই দিগ্ভ্রান্ত পথিক। কোথায় খেলবেন, কখন বলের কাছে যাবেন, এটাই বুঝতে পারেননি পর্তুগালের স্বপ্নবাহক! কোচ কার্লোস কুইরোজের ছক গুলিয়ে ফেলে পুরো দলটাই কি কিছু বুঝতে পেরেছে নাকি? স্কোরলাইনে গোল মাত্র একটা, কিন্তু দুই দলের খেলায় ব্যবধান থেকে গেল যোজন যোজন। ভিয়ার পাশে কোথায় রোনালদো? বিশ্বকাপের জাভি বার্সেলোনার জাভি হতে পারছিলেন না। ৬৩ মিনিটের জাদুকরি ওই ব্যাকহিলে কিছুটা হলেন। আর তাতেই ভিয়ার লক্ষ্যভেদ। বিশেষজ্ঞদের রায়ে ভিয়া পেলেন সাড়ে ৮, রোনালদো ৫। একেবারেই অসম লড়াই। গ্রিন পয়েন্ট স্টেডিয়াম রেড পয়েন্ট হলো শুধু স্প্যানিশদের লাল রঙে। দক্ষিণ আফ্রিকায় বিশালসংখ্যক পর্তুগিজ বাসিন্দারা বড়দিনের মতো এক উৎসবের অপেক্ষায় ছিল। তাদের সেই উৎসবের আয়োজনে জল ঢেলে দিয়েছেন একজন ভিয়া। রোনালদোর মনটাকে ভেঙে খানখান করে দিয়েছেন। তাই মিক্সড জোনে রোনালদোর ভেতর থেকে বেরিয়ে এল এক ক্রুদ্ধ যুবক, যিনি রাগে ফুঁসছিলেন আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন একটা মাত্র বাক্য, ‘পর্তুগাল কেন পারেনি, কোচকে গিয়ে জিজ্ঞেস করুন।’এই ভিয়া আস্তুরিয়ানের সেই ‘এল গুয়েজা (ছোট্ট বালক)’ আর নন। তিনি অনেক বড় হয়ে উঠছেন। তাঁর মাথা এই বিশ্বকাপের ছাদ ছুঁয়ে ফেলছে প্রায়। চার গোল হয়ে গেল চার ম্যাচে। আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েইনকে কি তাহলে সোনার জুতা নিতে দেবেন না?তাঁর কথা হিগুয়েইনের জন্য কিন্তু সতর্কসংকেত। ২ জুলাই এলিস পার্কের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ প্যারাগুয়ে। ভিয়া আগেই শ্রদ্ধার ফুল ছিটিয়ে রাখলেন তাদের জন্য, ‘মনে রাখবেন, ওরা প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে। ওরা মোটেও সহজ দল নয়।’ এই শ্রদ্ধা ও সতর্কতার আড়ালেই লুকিয়ে থাকে ভিয়ার নীরব দম্ভ। সেদিন চিলির বিপক্ষে ম্যাচ জিতে বেরিয়ে পর্তুগালকেও অমন শ্রদ্ধার বেদিতেই তিনি বসিয়েছিলেন।