ভিয়ার রেকর্ডের রাত
ভিয়ার ভেলায় চড়ে অনেকবারই পার হয়েছে স্পেন। পরশু রাতেও আরেকবার পার হলো। ফুটবল-বিশ্ব আরেকবার দেখল ভিয়া-জাদু, ইউরো ফুটবলের বাছাইয়ে। গ্রানাডায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েও স্পেন ২-১-এ জিতল ভিয়ার জোড়া গোলে। গ্রুপ ‘আই’তে চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল স্পেন। সেই সঙ্গে জয়ের তালিকাটাও লম্বা হলো তাদের, সর্বশেষ দশ প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচের সবগুলোই জিতল ভিসেন্তে দেল বস্কের দল। সর্বশেষ তারা হেরেছিল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে, সুইজারল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে।পরশুর রাতটা ডেভিড ভিয়ার জন্য ছিল স্মরণীয়। স্পেনের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি এখন তাঁর হাতের মুঠোয়। ৭২ ম্যাচে স্পেনের জার্সি গায়ে করলেন ৪৬টি গোল। টপকে গেলেন সাবেক সতীর্থ রাউল গঞ্জালেসকে। ১০২ ম্যাচে ৪৪টি গোল রাউলের।জাতীয় দলের জার্সি গায়ে ভিয়া এখনো যেন সেই বিশ্বকাপের ভিয়া। লা ফুরিয়া রোজারা প্রথম বিশ্বকাপ জিতেছে তাঁর ৫ গোলের কল্যাণে। এখন এই ইউরো বাছাইপর্বেও গোল করে চলেছেন বার্সেলোনা তারকা। পরশু দেশের পক্ষে সর্বাধিক গোলের কীর্তি গড়ার পর উচ্ছ্বসিত ভিয়া বললেন, ‘আমি সত্যিই এই রেকর্ডটা চেয়েছিলাম। আমরা শুরুটা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি।’ ২৯ মিনিটে প্লাসিলের গোলে হতভম্ব হয়ে পড়ে স্পেন। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য হাহাকার চলতে থাকে। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে স্পেনের মুখে হাসি ফোটান ভিয়া। চার মিনিট পর পেনাল্টি থেকে করেন আরেকটি গোল। গোলের পরই মাঠ ছেড়ে বেরিয়ে ছুটে যান সাইড বেঞ্চে বসে থাকা রিজার্ভ গোলকিপার পেপে রেইনার কাছে। প্রিয় বন্ধুকে জড়িয়ে ধরেন আনন্দে। রেকর্ডটি এরই মধ্যে উৎসর্গও করে দিয়েছেন বন্ধুকে। এই ম্যাচে আরেকটি কীর্তি গড়েছেন জাভি, শততম ম্যাচ খেললেন স্পেন প্লেমেকার।চারে চার হয়েছে স্পেনের। ওদিকে পাঁচে পাঁচ করে বাছাইপর্ব প্রায় উতরে যাওয়ার পথে চলে গেছে বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ড। পরশু বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ৪-০ গোলের জয়টি ছিল ডাচদের পঞ্চম। কাল ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এদিকে নিজ নিজ খেলায় জিতে ইতালি ও ফ্রান্সও রয়েছে একই পথে। রয়টার্স। এক নজরে অস্ট্রিয়া ০ : ২ বেলজিয়াম স্লোভেনিয়া ০ : ১ ইতালি সার্বিয়া ২ : ১ উত্তর আয়ারল্যান্ড লুক্সেমবার্গ ০ : ২ ফ্রান্স হাঙ্গেরি ০ : ৪ হল্যান্ড স্পেন ২ : ১ চেক প্রজাতন্ত্র