ভিয়ারথ ছুটছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোনো ফরোয়ার্ডের সময় যখন ভালো যায়, তখন মনে হয় সব বলই তার কাছে যেতে চায়। দেখলেন না, বলটা কীভাবে ভিয়ার কাছে গেল!’—ফার্নান্দো তোরেসের কথাটার দুটো দিক খুঁজে পেতে পারেন। নিজের দুঃসময়, আর ডেভিড ভিয়ার সুসময়। আরও একটা ম্যাচ গোলবিহীন কাটল তোরেসের, স্পেনের মূল স্ট্রাইকার গোল পেলেন না এই বিশ্বকাপের পাঁচ ম্যাচে। রুনি-মেসি-রোনালদোরা ব্যর্থ হওয়ায় ব্যর্থ হয়েছে দলও। কিন্তু তোরেস ব্যর্থ হওয়ার পরও স্পেন সেমিফাইনালে, কারণ তোরেসের পাশে আছে একজন ভিয়া!গোল করার অবিশ্বাস্য ক্ষমতা বিশ্বকাপের আগেও অসাধারণ ছিল, বার্সেলোনা তো আর এমনি এমনি ৪ কোটি ইউরো খরচ করে তাঁকে দলে টানেনি। তবে এই বিশ্বকাপ যেন দুহাত ভরে দিচ্ছে ভিয়াকে। ফুটবল-বিধাতাও যেন ঠিক করে ফেলেছেন স্পেনের গোল মানেই ভিয়া। না হলে পরশু কেন জাবি আলোনসোর প্রথম পেনাল্টি বাতিল হবে, আর দ্বিতীয় পেনাল্টি ফিরিয়ে দেবেন গোলকিপার! কেনই বা পেদ্রোর শট বারে লেগে ফিরে আসবে ফাঁকায় দাঁড়ানো ভিয়ার কাছে, আর ভিয়ার শট এক পোস্টে ফিরে আরেক পোস্টে লেগে ঢুকবে জালে!দলকে জয় এনে দেওয়া আরও একটি গোল, এই নিয়ে বিশ্বকাপে স্পেনের ছয় গোলের পাঁচটিই ভিয়ার। গোল্ডেন বুটে দৌড়ে এখন এককভাবে শীর্ষে ভিয়া। চার গোল করা পাঁচজনের দুজন গঞ্জালো হিগুয়েইন ও রবার্ট ভিতেকের বিশ্বকাপ এর মধ্যেই শেষ। ভিয়াকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারেন বাকি তিনজনের দুজন—মিরোস্লাভ ক্লোসা ও ওয়েসলি স্নাইডার। বাকি একজন টমাস মুলার একটু পিছিয়ে পড়ছেন, কারণ দুই হলুদ কার্ডের খাঁড়ায় এই জার্মান ম্যাচ পাবেন একটি কম। পরশুর গোলে স্পেনের সর্বোচ্চ গোলদাতা হওয়ার আরও কাছে ভিয়া, ৪৪ গোল করা রাউলকে ছুঁতে প্রয়োজন আর একটি মাত্র গোল।তবে এসব রেকর্ড বা গোল্ডেন বুটে লড়াইয়ের কথা ভুলেও যেন ভিয়ার কানে তুলতে যাবেন না। দলের জয় ছাড়া তাঁর ভাবনায় যে নেই আর কিছুই, ‘সর্বোচ্চ গোলদাতা হওয়ার ভাবনা আমার মাথায় সামান্যই আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ফাইনাল খেলা, সেটা আমার গোলে হোক বা অন্য কারও। গোল করলে আমার ভালো লাগে, কিন্তু এর চেয়ে অনেক বেশি ভালো লাগে দল জিতলে।’ ভিয়া যে আপাদমস্তক ‘টিম ম্যান’, প্রমাণ কিছুটা পরশুর ম্যাচেও পাওয়া গেছে। এমনিতে স্পেনের পেনাল্টি ভিয়াই নিয়ে থাকেন। পরশুর পেনাল্টিটা নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। কিন্তু পেনাল্টি নিলেন আলোনসো এবং বাতিল হওয়া প্রথম শট জালে জড়ানোর পর আলোনসোকে সবার আগে গিয়ে জড়িয়ে ধরেছিলেন কিন্তু এই ভিয়াই!নিজে না হয় নিজের কৃতিত্বটা বড় করে দেখতে চান না, কিন্তু কোচ তো ভিয়ার গুরুত্বটা বোঝেন। প্রথম ম্যাচে হারার পর থেকে প্রতিটি ম্যাচেই গোল করে আসছেন, নকআউট পর্বের দুই ম্যাচ জিতল স্পেন তাঁর গোলেই, ভিয়াতে মুগ্ধ দেল বস্কও, ‘ভিয়া এখন ফর্মের চূড়ায় আছে, আজও (পরশু) জায়গামতো ও ঠিকই ছিল। হয়তো আমরা আরও আগেই গোল পেতে পারতাম, কিন্তু গোলের ক্ষুধাটা ভিয়ারই ছিল।’ বড় বিপজ্জনক এই ক্ষুধা, যাতে জ্বলে-পড়ে মরছে প্রতিপক্ষরা। ক্ষুধাটা যদি এমনই থাকে তাহলে সোনার জুতো, সোনার বল আর সোনার কাপ—ভিয়া হয়তো পাবেন সবই!