ভিয়ারিয়ালই জেতাল বার্সেলোনাকে

নিজের পায়ে নিজে কুড়াল মারা বোধ হয় একেই বলে। বার্সেলোনাকে হারানোর সুবর্ণ সুযোগ গতকাল নিজেই নষ্ট করেছে ভিয়ারিয়াল। নিজেদের মাঠে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও তারা ম্যাচটা হেরেছে ৩-২ গোলে। বার্সেলোনার প্রথম দুটি গোলই এসেছে ভিয়ারিয়াল রক্ষণভাগের ভয়াবহ ব্যর্থতায়। দুইবার নিজেদের জালেই বল জড়িয়েছেন ভিয়ারিয়ালের ডিফেন্ডাররা। বার্সার জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
মৌসুমের শেষপর্যায়ে এসে বেশ খানিকটা ফিকেই হয়ে গেছে বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের স্বপ্ন। আর একটি ম্যাচে হোঁচট খেলেই নিভে যাবে সব আশার প্রদীপ। গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচেই ঘটে যেতে পারত সেই ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় দিয়ে এখনো লড়াইয়ে টিকে আছে বার্সেলোনা। গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ খেলে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আর এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
টিটো ভিলানোভার আকস্মিক মৃত্যুশোক এখনো কাটিয়ে উঠতে পারেনি কাতালানরা। সেই শোকই যেন আচ্ছন্ন করে রেখেছিল মেসি-জাভি-ইনিয়েস্তা-বুসকেটসদের। সেই সুযোগে নিজেদের মাঠে গতকাল জয়ের পথে বেশ খানিকটা এগিয়েও গিয়েছিল ভিয়ারিয়াল। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে বার্সার জালে বল জড়িয়েছেন ভিয়ারিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার কানি। দ্বিতীয়ার্ধে, ৫৫ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করে দেন ট্রিগুয়েরোস। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর বার্সার হারটাই হয়তো অবধারিত ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু তেমনটা যে হয়নি সে জন্য বার্সা সমর্থকেরা ধন্যবাদ দিতে পারেন ভিয়ারিয়ালের রক্ষণভাগকে। সমতাসূচক দুটি গোলই বার্সা পেয়েছে আত্মঘাতী গোল থেকে। ৬৫ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়েছেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার গাব্রিয়েল পাউলিস্তা। ৭৮ মিনিটে খেলায় ২-২ গোলের সমতা ফেরানোর কাজটাও করে দিয়েছেন ভিয়ারিয়ালের আরেক ডিফেন্ডার মাতেও মুসাচিনো। এবার হেড করে নিজেদের জালে বল ঠেলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ৮৩ মিনিটে বার্সেলোনার জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।— রয়টার্স