ভিয়াস বোয়াসকেও কৃতিত্ব দিতে চান ডি মাত্তেও
আন্দ্রে ভিয়াস বোয়াসকে ভুলে যাননি চেলসি কোচ রবার্তো ডি মাত্তেও। মৌসুমের মাঝপথে এই ভিয়াস বোয়াসের কাছ থেকেই ব্লুজদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এই ইতালীয়। ভিয়াস বোয়াসের অধীনে ফলটা ভালো হচ্ছিল না দেখে তাঁকে বরখাস্ত করা হয়েছিল। আজ রাতে মিউনিখে চ্যাম্পিয়নস লিগের আগুন ফাইনালে নামার আগে পূর্বসূরিকে স্মরণ করলেন মাত্তেও। বলেছেন, চ্যাম্পিয়ন হতে পারলে এই গৌরবের ভাগীদার করবেন ভিয়াস বোয়াসকেও।ডি মাত্তেও চেলসির চ্যাম্পিয়ন লিগের ফাইনালে স্থান করে নেওয়ার পেছনে পর্তুগিজ কোচ ভিয়াস বোয়াসের কৃতিত্বও দেখছেন। গত মার্চেই এই ভিয়াস বোয়াসের স্থলাভিষিক্ত হন তিনি। এই মৌসুমের যা কৃতিত্ব তা থেকে ভিয়াসকে বাদ দিতে বিবেক সাঁয় দিচ্ছে না মাত্তেওর।‘চেলসির এই দলটি তৈরি হয়েছে ভিয়াস বোয়াসের হাতেই। আমি অবশ্যই দলের এই পর্যায়ে আসার পেছনে আন্দ্রেকে কৃতিত্ব দেব। মিউনিখে আজ রাতে যদি চেলসি জিততে পারে, তাহলে সেই সাফল্যের পেছনেও ভিয়াস বোয়াসের কৃতিত্ব থাকবে।’ বলেছেন ডি মাত্তেও। নিজেকে নিয়ে একেবারেই ভাবেন না ডি মাত্তেও। এই মুহূর্তে চেলসিতে তাঁর চাকরিটা স্থায়ী নয়। দল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলেই এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলবে কর্তৃপক্ষ। ব্যাপারটি কি একটুও অনিশ্চয়তা তৈরি করে না মাত্তেওর মধ্যে! নিজের চাকরির নিরাপত্তা নিয়ে ভবিত নন মাত্তেও। তাঁর চিন্তা-চেতনা জুড়ে আছে দলকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানো।‘আমি নিজেকে নিয়ে ভাবি না। আমি এই মুহূর্তে কেবল দল নিয়েই ভাবছি।’মিউনিখের মহারণের আগে ইনজুরি সমস্যা নিয়ে যথেষ্ট চিন্তিত ডি মাত্তেও। মুখে যতই আত্মবিশ্বাসের কথা বলুন, কপালে কিন্তু মনের অগোচরেই দুশ্চিন্তার বলিরেখা ফুটে উঠছে ডি মাত্তেওর। লাল কার্ডের খাঁড়ায় পড়ে অধিনায়ক জন টেরি এই ম্যাচ খেলতে পারছেন না। খেলতে পারছেন না বানিস্লাভ ইভানোভিচ। হলুদ কার্ডের কারণে এই ম্যাচ মিস করছেন রাউল মেইরেলেস। কাল সন্ধ্যা পর্যন্ত ডি মাত্তেও নিশ্চিত ছিলেন না নিজের প্রথম একাদশ সম্পর্কে। তবে ফিটনেস নিয়ে সংশয়ে থাকা ডেভিড লুইজ, গ্যারি ক্যাহিল ও ফ্লোরেন্ত মালুদা সব সংশয় কাটিয়ে আজ দলে ফিরছেন। কার্ড আর ইনজুরি নিয়ে দুর্ভাবনায় থাকা মাত্তেওর মুখে তা কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছে বলেই মনে হচ্ছে। জন টেরির পরিবর্তে ইংলিশ মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড আজ চেলসির অধিনায়কত্বে থাকবেন। ল্যাম্পার্ড সম্পর্কে মাত্তেও বলেন, ‘ন্যু ক্যাম্পে টেরি লাল কার্ড পাওয়ার পর এই ল্যাম্পার্ডই দলকে তাতিয়ে তুলেছিল। ১০ জন নিয়ে সেদিন আমরা বার্সেলোনার বিপক্ষে যা খেলেছি, তাতে ল্যাম্পার্ডের অবদান অনেক। সে একজন প্রকৃতি-প্রদত্ত নেতা।’বায়ার্ন মিউনিখকে আজকের ম্যাচে ‘কিছুটা ফেবারিট’ হিসেবেই মনে করেন ডি মাত্তেও। এর কারণ হিসেবে মাত্তেও বায়ার্নের ‘হোম অ্যাডভান্টেজ’কেই উল্লেখ করেছেন। তাঁর মতে, নিজ মাঠ, নিজ দর্শকের উপস্থিতিতে বায়ার্ন কিছুটা হলেও ফেবারিট। তবে আমার দলেও দারুণ সব খেলোয়াড় আছে। সুতরাং বায়ার্নের চেয়ে আমাদের জয়ের সম্ভাবনা কোনো অংশেই কম নয়।’ রয়টার্স