ভিয়াস-বোয়াসের প্রতিশোধের শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হার্ট লেনে শনিবারের লড়াইটার জন্য মুখিয়ে আছেন টোটেনহ্যাম হটসপার কোচ আন্দ্রেস ভিয়াস-বোয়াস। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ‘স্পারের’ এই ম্যাচে ৩৪ বছর বয়সী পর্তুগিজ কোচের যে অনেক কিছুই প্রমাণ করার আছে। স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর নয় মাসের তিক্ত অভিজ্ঞতার প্রতিশোধ নেওয়ার জন্য ভিয়াস-বোয়াসের যে আর তর সইছে না।গত মৌসুমে ভিয়াস-বোয়াস দায়িত্ব নিয়েছিলেন চেলসির। নয় মাসে মাত্র ২৭টি লিগ ম্যাচের পর দলের বাজে পারফরম্যান্সের অজুহাতে ভিয়াস-বোয়াসকে বরখাস্ত করা হয়েছিল। আত্মাভিমানী এই কোচের জন্য ঘটনাটি ছিল খুবই বিব্রতকর। আগামী শনিবার নিজের পুরোনো ক্লাবকে ‘অনেক কিছু ফিরিয়ে দেওয়ার’ এই ম্যাচে ভিয়াস-বোয়াস মনেপ্রাণে চাইছেন তাঁর বর্তমান ক্লাব টোটেনহ্যাম হটসপারের একটি জয়। এ জয়টি ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির একক শীর্ষস্থান হুমকিতে তো ফেলবেই, টোটেনহ্যামকে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির সঙ্গে শামিল করবে লিগ জয়ের প্রতিদ্বন্দ্বিতায়। নিজের ঘরের মাঠে যখন খেলা, তখন এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন কেন বোয়াস?গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির অবস্থান ছিল ষষ্ঠ। টোটেনহ্যাম লিগ শেষ করে চতুর্থ স্থান দখল করে। কিন্তু চ্যাম্পিয়নস লিগে চেলসি শেষ অবধি চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় টোটেনহ্যামের আর চ্যাম্পিয়নস লিগে খেলা হয়নি। ইউরোপা লিগে স্থান পাওয়া টোটেনহ্যামকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে স্থান করিয়ে দেওয়া কোচ ভিয়াস-বোয়াসের যে আরও একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জিততে হলে শনিবার হোয়াইট হার্ট লেনে চেলসিকে ছাড়িয়ে যাওয়াটা যে খুবই জরুরি।এবারের লিগে সাত ম্যাচে চেলসির সংগ্রহ ১৯ পয়েন্ট। আপাতত শীর্ষ স্থানটা বেশ ভালোভাবেই উপভোগ করছে রবার্তো ডি মাত্তেওর দল। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ১৫ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটি। গোলগড়ে পিছিয়ে থাকা সিটি আছে তৃতীয় স্থানে। এদিকে টোটেনহ্যামের স্থান পঞ্চম হলেও চতুর্থ স্থানে থাকা এভারটনের সঙ্গে তাদের ব্যবধানটা গোলগড়েই। এমন একটি পরিস্থিতিতে শনিবার টোটেনহ্যামের সঙ্গে চেলসির ম্যাচটি গোটা লিগকে অন্য মাত্রা দিয়ে দিতে পারে। ওই ম্যাচের দিকে এখন তাকিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, এভারটন এমনকি ওয়েস্ট ব্রমও (১৪ পয়েন্ট)। সবারই কায়মনো-কামনা চেলসির হার। চেলসির বিপক্ষে ম্যাচে টোটেনহ্যামকে আরও তাতিয়ে দিচ্ছে হোয়াইট হার্ট লেনে চেলসির পারফরম্যান্স রেকর্ড। এই মাঠে চেলসি গত ছয়টি প্রিমিয়ার লিগ ম্যাচে টোটেনহ্যামকে হারাতে পারেনি। তবে গত মৌসুমে এফএ কাপে চেলসি টোটেনহ্যামকে হারিয়েছিল ৫-১ গোলে। এবারের মৌসুমে টোটেনহ্যাম অবশ্য অন্যমাত্রারই ফুটবল খেলছে। গত নয় ম্যাচে যে তাদের হারাতে পারেনি কেউই। টোটেনহ্যামের সর্বশেষ পরাজয়টি অবশ্য এসেছে এবারের প্রিমিয়ার লিগে তাদের প্রথম ম্যাচেই, টোটেনহ্যাম হেরেছিল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। কিছুদিন আগে টোটেনহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেডকে ২৩ বছর বাদে ওল্ডট্র্যাফোর্ডে হারিয়েছে ৩-২ ব্যবধানে। এ জয়টি ভিয়াস-বোয়াসের দলকে দিয়েছে উত্তুঙ্গ আত্মবিশ্বাস।শনিবারের ম্যাচটি নিয়ে অধীর ভিয়াস-বোয়াস। অনেক হিসাবের এই ম্যাচে চেলসিকে কোনো সুযোগ দিতে চান না তিনি। তাঁর মতে, এ ম্যাচটি ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়ায় টোটেনহ্যাম চেলসির অপরাজেয় দৌড় থামিয়ে দেওয়ার এক সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। একই সঙ্গে এ ম্যাচটি নিজেদের প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ।ভিয়াস-বোয়াসের মতে, ‘ম্যাচটি অবশ্যই কঠিন হবে, কোনো সন্দেহ নেই। তবে আশা করছি ওই দিন আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারব।’তিনি আরও বলেন, চেলসিতে অনেক ভালো খেলোয়াড় আছে। খেলোয়াড়ের হিসাব করলে টোটেনহ্যামও খুব একটা পিছিয়ে নেই। এটাই যে চেলসির মুখোমুখি হওয়ার সুবর্ণ সময়—এটা স্বীকার করেছেন ভিয়াস-বোয়াস নিজেই। তাঁর মতে, ইংলিশ প্রিমিয়ার লিগে এ মুহূর্তে টোটেনহ্যাম খুব ভালো ফর্মে আছে। চেলসিকে চেপে ধরার জন্য এর চেয়ে দারুণ সময় আর হয় না।কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা কথা প্রচলিত আছে। এখন ভিয়াস-বোয়াসের কাঁটা টোটেনহ্যামই। টোটেনহ্যাম নামের এই কাঁটার আঘাতে চেলসিকে জর্জরিত করে পুরোনো হিসাবটা চুকিয়ে ফেলতে চান তিনি। মুখে বলেননি কথাটা, কিন্তু অভিব্যক্তি তেমনই ইঙ্গিত দিচ্ছে। রয়টার্স।