ইনিয়েস্তা-জাভি-ভিয়া। স্পেনকে বিশ্বকাপের শেষ আটে নিয়ে গেল এই তিনজনের তৈরি করা দারুণ এক মুহূর্ত। বক্সের ভেতরে ঢুকে পড়া এই ত্রয়ীর শেষের জনের প্রথম শটটা ঠেকালেন পর্তুগাল গোলরক্ষক এদুয়ার্দো। কিন্তু ফিরতি বল সেই ভিয়াই পাঠালেন জালে। গ্রুপ পর্বে একটিও গোল না খাওয়া পর্তুগাল অবশেষে গোল খেল। ওই গোলেই পর্তুগালের বিশ্বকাপ অভিযানের ইতি ঘটল দ্বিতীয় রাউন্ডে। ১-০ জয়ে টিকে রইল ফেবারিট স্পেন।স্ট্রাইকার হলেও খেলছেন বাঁ দিকের উইংয়ে। জায়গা বদল, ভিয়া কিন্তু ভিয়াই রইলেন। স্পেনের ত্রাতা হয়ে উঠেছেন দেল বস্কের অন্যতম এই তুরুপের তাস। কাল করলেন চতুর্থ গোল। সব মিলিয়ে বিশ্বকাপের এটি ভিয়ার সপ্তম গোল। স্পেনের হয়ে যা রেকর্ড, এর আগে চারজন করেছেন সর্বোচ্চ ৫ গোল করে। রোনালদোরা চেষ্টা করেও খুঁজে পেলেন না স্পেনের জাল। যার অর্থ শুধু পর্তুগালের মঞ্চ ছেড়ে যাওয়া নয়, মেসির মূল প্রতিদ্বন্দ্বীও বিশ্বকাপের মঞ্চে এখন শুধুই দর্শক। অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখলেন রোনালদো-সতীর্থ কস্তা। ততক্ষণে সব শেষ, ২৭ মিনিটে রোনালদো দারুণ একটা ফ্রি-কিক নিয়েছিলেন, কিন্তু বাধার নাম ইকার ক্যাসিয়াস। গোল আর তিনি পেলেন না।দ্বিতীয়ার্ধের শুরুতে গোল অবশ্য প্রায় পেয়েই যাচ্ছিল পর্তুগাল। মিগুয়েলের প্লেসিং পুয়োলের গায়ে লেগে সামান্য বাইরে দিয়ে চলে যায়। বড় বাঁচা তখন বাঁচল স্পেন। ম্যাচের পর তা আর মনে করার দরকার ছিল না ক্যাসিয়াস-পুয়োলদের। মনে থাকল শুধু রোনালদোদের। বিদায় পর্তুগাল!