ভিয়া-কস্তার দুই রকম ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের দেশে পা রাখার আগেই সেই ভিয়া l এএফপি
বিশ্বকাপের দেশে পা রাখার আগেই সেই ভিয়া l এএফপি

চার বছরে সময়টা কতই না বদলে যায়!
২০১০ বিশ্বকাপে ডেভিড ভিয়াকে ছাড়া স্পেন দল ভাবাই যেত না। টুর্নামেন্ট-সর্বোচ্চ ৫ গোল করে ভিয়ার কাঁধে চড়েই বিশ্বকাপ জিতল স্পেন। বয়সের সঙ্গে সঙ্গে ধার হারিয়েছেন অনেকটাই, এখন আর জাতীয় দলে অপরিহার্য নন। ৩২ বছর বয়সী কাউকে এমনিতে ‘বুড়ো’ বলা যাবে না, কিন্তু একজন স্ট্রাইকারের জন্য মেঘে মেঘে অনেক বেলা তো হলো৷ পরশু যেন বিশ্বকাপে শেষবারের মতো জ্বলে ওঠার আভাসই দিলেন৷ এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেনের ২-০ গোলের জয়টা এসেছে ভিয়ার সৌজন্যেই।
স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কদিন আগেই শেষের বাঁশি বাজিয়ে দিয়েছেন, এই বিশ্বকাপ শেষেই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন। এরই মধ্যে লা লিগাজয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে নাম লিখিয়েছেন নিউইয়র্ক এফসিতে। জাতীয় দলের জার্সি গায়ে তো বটেই, বড় মঞ্চেও হয়তো এটাই ভিয়ার শেষবারের মতো নামা। সেই উপলক্ষের জন্য নিজেকে কী দারুণভাবেই না তৈরি করে নিলেন!
অথচ পরশু ম্যাচের প্রথমার্ধে ভিয়া বসে ছিলেন বেঞ্চেই। বিরতির পর নেমেই করেছেন গোল দুটি। প্রথম গোলে অনেকটা কৃতিত্ব সার্জিও রামোসের। হেড করে এমনভাবে বলটা ঠেলে দিয়েছিলেন, গোল না করে উপায় ছিল না ভিয়ার! সেই তুলনায় পরেরটা ছিল অনেকটা ‘ভিয়াসুলভ’। ৮৭ মিনিটে বল দারুণভাবে বুকে দিয়ে নামিয়ে নিখুঁত শটে জড়িয়ে দিয়েছেন জালে। যা দেখে ভিয়ার জন্য প্রশংসার ঝাঁপি না খুলে পারেননি স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক, ‘আমরা জানি, ভিয়া কম জায়গার মধ্যে বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন।’
এল সালভাদরের মতো পুঁচকে দলের বিপক্ষে দুই গোলের জয় এমন কিছু নয়। দেল বস্ক সেটি জানেন৷ তবে অখুশি নন তিনি, ‘আমাদের এখনো ছোটখাটো বেশ কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে। দলের আবহটা ভালো, টুর্নামেন্ট নিয়ে আমরা আশাবাদী। আমরা হয়তো নিজেদের পুরো ছন্দে খেলতে পারিনি, কিন্তু খেলাটা নিজেদের নিয়ন্ত্রণই রাখতে পেরেছিলাম।’
তবে ভিয়ার ফর্মে ফেরার ইঙ্গিত নয়, দেল বস্ককে বেশি স্বস্তি দিচ্ছেন হয়তো ডিয়েগো কস্তাই। চোটের কারণে বিশ্বকাপ নিয়েই অনিশ্চয়তা ছিল স্প্যানিশ স্ট্রাইকারের। পরশু মাঠে নেমেছেন তো বটেই, ৯ মিনিটে একটি পেনাল্টিও পাইয়ে দিয়েছিলেন দলকে। সেটি অবশ্য বাইরে মেরে নষ্ট করে সেস্ক ফ্যাব্রিগাস। তবে ৭৪ মিনিট পর্যন্ত খেলে কস্তা জানিয়ে দিয়েছেন, তিনি প্রস্তুত। দেল বস্ক তাই বললেন, ‘গত কয়েক সপ্তাহ সে খেলতে পারেনি। ফেরাটা তাঁর দরকার ছিল। সবকিছু মিলে সে ভালোই করেছে।’ এএফপি, রয়টার্স৷