ভিয়েতনামের অন্য রকম আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকে প্রথম ম্যাচ, সেটিও আবার ২০০০ সিডনি অলিম্পিকে সোনাজয়ী ভেনাস উইলিয়ামসের সঙ্গে। জয়ের পর বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেন্সের উদ্‌যাপনও তাই হলো দেখার মতো, চুমু খেলেন কোর্টে পাঁচ বৃত্তের অলিম্পিক লোগোতে। পরশু রিওর অলিম্পিক টেনিস সেন্টারে l রয়টার্স
রিও অলিম্পিকে প্রথম ম্যাচ, সেটিও আবার ২০০০ সিডনি অলিম্পিকে সোনাজয়ী ভেনাস উইলিয়ামসের সঙ্গে। জয়ের পর বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেন্সের উদ্‌যাপনও তাই হলো দেখার মতো, চুমু খেলেন কোর্টে পাঁচ বৃত্তের অলিম্পিক লোগোতে। পরশু রিওর অলিম্পিক টেনিস সেন্টারে l রয়টার্স

অলিম্পিকে ভিয়েতনাম এবারই প্রথম নয়। পদকও তারা আগেই জিতেছে। ২০০০ সিডনিতে মেয়েদের তায়কোয়ান্দোতে আর ২০০৮ বেইজিংয়ে পুরুষদের ভারোত্তোলন থেকে এসেছিল একটি করে রুপা। কিন্তু কাল ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ভিয়েতনামের হুয়াং জুয়ান ভিন যখন সোনা জিতলেন, পুরো ভিয়েতনাম দেশটিই যেন হয়ে গেল উৎসবের দেশ। ভিয়েতনামের ইতিহাসে এটাই প্রথম অলিম্পিক সোনা, সেটাও এসেছে আবার ‘চিরশত্রু’ চীনকে পেছনে ফেলে। ভিয়েতনামিজদের আনন্দ এ কারণেই যেন দ্বিগুণ হয়ে গেল।

হুয়াং জুয়ান ভিন
হুয়াং জুয়ান ভিন

ভিয়েতনামের হয়ে যিনি এই ইতিহাস গড়েছেন, সেই হুয়াং জুয়ান ভিনের গল্পটাও রোমাঞ্চকর। ৪১ বছর বয়সী শুটার ভিয়েতনাম সেনাবাহিনীর একজন কর্নেল। তাঁর শুটিংয়ে হাতেখড়িও পেশাগত কারণেই, সেটিও আবার একে-৪৭ দিয়ে! ১৯৯১ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর এখনো চাকরি করে যাচ্ছেন। পেশাগত দরকারে যে শুটিং শিখেছিলেন, সেটিই এখন তাঁর শখও হয়ে গেছে। আর তাঁর শখই এবার গর্বিত করেছে দেশকেও।
ভিয়েতনামিজরা হুয়াং জুয়ান ভিনের অর্জনে কতটা উচ্ছ্বসিত সেটি বলে দেয় তাদের প্রতিক্রিয়াই। এরই মধ্যে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, দেশে ফিরলে হুয়াং জুয়ান ভিনকে ১ লাখ ইউএস ডলার বোনাস দেওয়া হবে। যে দেশে মাথাপিছু বার্ষিক গড় আয় ২১০০ ডলার, সেখানে এই অঙ্কটা তো বিশাল।
ভিয়েতনামিজদের আনন্দটা আরও বেড়ে গেছে সোনা জয়ের পথে চীনকে পেছনে ফেলতে পেরে। হুয়াং জুয়ান ভিন স্কোর করেছেন ২০২.৫। ২০২.১ পয়েন্ট পেয়ে এই ইভেন্টে রুপা জিতেছেন ব্রাজিলের ফেলিপে আলমেইদা ও ব্রোঞ্জ চীনের পেং উই (১৮০.৪ পয়েন্ট)। এএফপি।
ঐতিহাসিকভাবেই প্রতিবেশী চীনের সঙ্গে তিক্ত সম্পর্ক ভিয়েতনামের। দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব নিয়ে বিরোধ তো আছেই, রাজনৈতিক সম্পর্কটাও সাম্প্রতিককালে খুব স্পর্শকাতর জায়গায় চলে গেছে। এ রকম পরিস্থিতিতে অলিম্পিকের একটি ইভেন্টে চীনকে হারানোটা ভিয়েতনামিজরা দেখছে জাতিগত জয় হিসেবেই।